কেমন আছেন কাবানাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ১২ ডি অক্টুব্রের মাঠে বল নিয়ে খানিকটা কারিকুরি দেখালেন কাবানাস।
গতকাল ১২ ডি অক্টুব্রের মাঠে বল নিয়ে খানিকটা কারিকুরি দেখালেন কাবানাস।

২৫ জানুয়ারি, ২০১০। ভোর পাঁচটা।
ঠিক চার বছর আগে, মেক্সিকোর এক নৈশ ক্লাবে সন্ত্রাসীদের ছোড়া বুলেট ধা করে এসে লাগল সালভাদর কাবানাসের মাথায়। সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। মুমূর্ষু কাবানাসকে ভর্তি করা হলো হাসপাতালে। প্রিয় বসুধায় বেঁচে থাকবেন, এ কথা বলার কেউ ছিলেন না। মৃত্যুকে নিঃশ্বাস দূরত্বে অবলোকন করে, হাসপাতালের আইসিইউর বিছানায় অচেতন শুয়ে যমদূতের সঙ্গে লড়াই চালালেন কাবানাস।
শেষ অবধি লড়াইয়ে হারেননি। একপর্যায়ে বেঁচে উঠলেন মৃত্যুঞ্জয়ী কাবানাস। তাঁর বেঁচে ফেরাটা চিকিত্সকদের কাছে ছিল একটা অলৌকিক ঘটনা। এমন অলৌকিক ঘটনা ঘটেও তো কালেভদ্রে। সে সময় প্যারাগুয়ের জার্সি গায়ে তাঁর বিশ্বকাপে খেলার কথাও ছিল। কিন্তু জীবনটা নিয়েই যেখানে টানাটানি, সেখানে বিশ্বকাপ খেলা স্রেফ বাতুলতা মাত্র। সতীর্থরা যখন দক্ষিণ আফ্রিকায়, তিনি তখন অচেতন শুয়ে হাসপাতালের বিছানায়।
চার বছর পর কেমন আছেন প্যারাগুয়ের সাবেক এ ফুটবলার? জানা গেল, ভালোই আছেন। এখন খেলছেন প্যারাগুইয়ান লিগের দ্বিতীয় বিভাগের দল জেনারেল কাবায়েরায়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে কাবানাস ফুটবল শুরু করেছিলেন ২০১২ সালের ২০ জানুয়ারি; তৃতীয় বিভাগের দল ১২ ডি অক্টুব্রেতে। ৩৩ বছর বয়সীর ফুটবল ক্যারিয়ারও শুরু হয়েছিল ওই অক্টুব্রে দিয়ে, ১৯৯৭ সালে।
বুলেটটা মস্তিষ্কের এমন এক জটিল জায়গায় ঘাপটি মেরে আছে, অস্ত্রোপচার করে তা বের করে আনতে গেলে সেটি হবে জীবনকে আরেকবার মৃত্যুঝুঁকিতে ফেলে দেওয়া। বুলেট মাথায় নিয়েই কাবানাস বরং দিব্যি সুস্থ আছেন। সুস্থ হওয়ার পর থেকেই ডান বাহুতে এঁকেছেন যিশুখ্রিষ্টের উল্কি। আচ্ছা যে গুলি করেছিল, তার চেহারা কি মনে আছে? এমন প্রশ্নের উত্তরে স্মৃতি হাতড়ে কারও নাম খুঁজে পান না কাবানাস। মৃদু কণ্ঠে কেবল বলেন ‘লোকটার কথা কিচ্ছু মনে নেই!’ রয়টার্স ও ওয়েবসাইট।