কেমন কোচ চায় বিসিবি?
সবার বেলাতেই শুরুতে একই রকম মনে হয়। এই লোকটাকেই তো দরকার, এমন কোচই তো খুঁজছিল বাংলাদেশ! কিন্তু ব্যর্থতা আর মতের অমিল বেশি দিন এই তৃপ্তিতে আচ্ছন্ন হতে দেয় না। তখন ডেভ হোয়াটমোর বা জেমি সিডন্স যা, শেন জার্গেনসেনও তা-ই। কেউই চলে না!
জার্গেনসেন-অধ্যায় শেষ হওয়ার পর নতুন করে কোচ খোঁজা শুরু করেছে বিসিবি। সম্ভাব্য চার-পাঁচজনের নাম নিয়ে বোর্ড কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। সংগত কারণেই নামগুলো এ মুহূর্তে প্রকাশ করতে নারাজ তাঁরা। তা ছাড়া ‘কেমন কোচ চান’ প্রশ্নে এখনো এক জায়গায় আসতে পারেনি পাঁচ সদস্যের কোচ সন্ধান কমিটি। কমিটির অন্যতম সদস্য মাহবুবুল আনাম দেশের বাইরে। সদস্যরা এরই মধ্যে প্রাথমিক আলোচনা সেরে নিলেও কমিটির প্রথম আনুষ্ঠানিক সভাটি হবে আজ মাহবুবুল আনাম ফিরলে।
কোচ সন্ধান কমিটিতে আছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। কেমন কোচ চান প্রশ্নের উত্তরটা দিতে চাইলেন তিনি একটা বাক্যে, ‘দলের জন্য ভালো হবে, এমন কোচ।’ তা প্রথমে জার্গেনসেনকেও তো অমনটাই মনে হয়েছিল। ‘দলের জন্য ভালো কোচ’ আসলে কেমন সেটা তাই বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। জালাল ইউনুস বললেন, ‘নতুন হেড কোচ একজন ব্যাটিং কোচই হবেন। এর বাইরে আমরা বিদেশ থেকে একজন ফাস্ট বোলিং কোচ ও একজন কন্ডিশনিং কোচ বা ট্রেনার আনব।’
জার্গেনসেন মূলত বোলিং কোচ ছিলেন। তাঁর সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন শুরুতে ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেওয়া কোরি রিচার্ডস। জার্গেনসেনের সঙ্গে বিসিবি রিচার্ডসকেও মুক্ত করে দেওয়ায় এখন ব্যাটিং-বোলিং কোচই সবার আগে প্রয়োজন বাংলাদেশ দলে। সঙ্গে একজন ফিল্ডিং কোচও। জালাল ইউনুসের কথা অনুযায়ী, নতুন ফিল্ডিং কোচ হবেন স্থানীয় কেউ। তবে কমিটির আরেক সদস্য খালেদ মাহমুদ বললেন, ‘শুরুতে হয়তো স্থানীয় কেউই থাকবে। তবে পরে আমরা বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ আনলেও আনতে পারি।’
প্রধান কোচের ব্যাপারেও জালাল ইউনুসের মতের সঙ্গে মিলছে না কমিটির প্রধান আকরাম খানের মত। ‘নতুন কোচকে ব্যাটিং কোচই হতে হবে, এমন কথা নেই। আমরা হাই প্রোফাইল কোচ নেব, সেটা ব্যাটিংই হোক বা বোলিং। প্রধান কোচ যদি ব্যাটিং কোচ হন তাহলে আলাদা বোলিং কোচ নেব। আর যদি তিনি মূলত বোলিং কোচ হন, তাহলে আলাদা
ব্যাটিং কোচ নেব’—বলেছেন আকরাম। নতুন কোচের ক্ষেত্রে পারিশ্রমিক কোনো বাধা হবে না বলে বিশ্বাস কমিটি প্রধানের। তবে সাধ্যের বাইরে গিয়ে কাউকে আনার পক্ষে তিনি নন, ‘আমার মনে হয় টাকাটা এখানে বড় কোনো সমস্যা নয়। আমাদের যা লক্ষ্য থাকবে, কোচ ভালো হলে বেতন তার থেকে এক-দুই হাজার ডলার বাড়লেও ক্ষতি নেই। আবার এমনও না যে একজন কোচ যা চাইবেন আমরা তাই দিয়ে তাঁকে নিয়ে আসব।’
আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করানোয় অভিজ্ঞ—এমন কোচদের প্রতিই বেশি আগ্রহ বিসিবির। তা সেই অভিজ্ঞতা প্রধান কোচ হিসেবেই থাকুক বা কারও সহকারী হিসেবে। তবে অভিজ্ঞতার পাশাপাশি আরও কিছু বিষয়ের ওপরও চোখ থাকবে। খালেদ মাহমুদ বলছিলেন, ‘কঠোর পরিশ্রম করবে, এমন কোচ চাই। তিনি যেন দলের সবার সঙ্গে সমানভাবে মিশতে পারেন। কোচ খেলোয়াড়দের যেমন ভালোবাসবেন, তাঁদের কাছে খারাপ পারফরম্যান্সের জবাবদিহিও চাইবেন। পারফরম্যান্স ভালো না হলে এখন থেকে আমরা প্রতি সিরিজের পর কোচের কাছ থেকে জবাবদিহি চাইব। কাজেই কোচের কাছে খেলোয়াড়দেরও জবাবদিহি থাকতে হবে।’
জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজার চোখে কোচ হচ্ছেন দলের পিতা। সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ একজন কোচই তাই চাচ্ছেন তিনি, ‘একজন পিতাকে যেমন একই সঙ্গে অভিভাবক, বন্ধু এবং শিক্ষক হতে হয়, একজন কোচও তাই। পরিবারে বাবার যা ভূমিকা, দলে সেটাই কোচের ভূমিকা। ভালো কিছু করলে তিনি যেমন বাহবা দেবেন, খারাপ করলে বকাঝকাও করবেন।’ দু-একটা দিক বাদ দিলে মাশরাফির চোখে ডেভ হোয়াটমোর পরবর্তী সময়ে জেমি সিডন্সই ছিলেন বাংলাদেশ দলের জন্য আদর্শ কোচ। অন্য কোচদের প্রতি সম্মান রেখেই বলেছেন, ‘সব কোচই আমাদের জন্য কষ্ট করেছেন। তবে জেমি সিডন্স যেটা করে গেছেন, পরে অন্যরা মূলত সেটারই সুফল ভোগ করেছেন।’
নতুন কোচের কাল্পনিক চেহারাটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? সিডন্সের দেওয়া শিক্ষার সঙ্গে হোয়াটমোরের জবাবদিহি চাওয়ার কঠোরতা আর জার্গেনসেনের বন্ধুত্বপূর্ণ আচরণকে জোড়া লাগালে যা হয়, সেটাই তো! আছেন এমন কোনো কোচ? থাকলে চলে আসুন বাংলাদেশে।