কেমন কোচ হাথুরুসিংহে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

শেফিল্ড শিল্ডের সফলতম দল নিউ সাউথ ওয়েলস সেবার ধুঁকছে৷ পয়েন্ট তালিকায় তলানিতে৷ ডিসেম্বর, ২০১২৷ মৌসুমের মাঝপথেই বরখাস্ত কোচ অ্যান্থনি স্টুয়ার্ট৷ ভারপ্রাপ্ত কোচ করা হলো স্টুয়ার্টের সহকারী চন্ডিকা হাথুরুসিংহেকে৷ কোচ বদলে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়াল নিউ সাউথ ওয়েলস৷ যদিও মাত্র ১ পয়েন্টের জন্য উঠতে পারল না ফাইনালে৷
পৃষ্ঠা উল্টে চলে যান আরও আড়াই বছর পেছনে—আগস্ট, ২০১০৷ শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান সোমাচন্দ্র ডি সিলভাকে একটি চিঠি লিখলেন তখনকার লঙ্কান দলপতি কুমার সাঙ্গাকারা৷ দুই মাস আগে শৃঙ্খলাজনিত কারণে বরখাস্ত হওয়া শ্রীলঙ্কার সহকারী কোচ হাথুরুসিংহেকে আবার ফেরানোর অনুরোধ জানিয়ে সাঙ্গাকারা লিখেিছলেন, ‘জাতীয় দলের জন্য আমরা যেমন দূরদর্শী ও অগ্রসর ধ্যান-ধারণার কোচ খঁুজছি, চন্ডিকা পুরোপুরিই সে রকম৷ ক্যারিয়ারে আমি যত বিদেশি কোচের সঙ্গে কাজ করেছি, চন্ডিকার টেকনিক্যাল ও কৌশলগত জ্ঞান কারও চেয়েই সামান্যতম কম নয়৷ এই মানের একজন স্থানীয় কোচকে পাওয়া সত্যিই একঝলক মুক্ত বাতাস৷ ওর সাহচর্যে আমার ব্যাটিং টেকনিক নিখুঁত হয়েছে, বোলাররাও উপকৃত হয়েছে দারুণভাবে৷ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সে আমাদের যেকোনো চ্যালেঞ্জ জয়ের মানসিকতা গড়ে দিয়ে এবং দলীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে৷’
নাটকীয় কিছু না ঘটলে এই হাথুরুসিংহেই হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ৷ কাল বিসিবি-প্রধান নাজমুল হাসান জানালেন, সোমবারের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা৷ তা প্রধান কোচ িহসেবে কেমন হবেন হাথুরুসিংহে? একটা ধারণা পেতে পারেন নিউ সাউথ ওয়েলসের ওই উদাহরণ আর সাঙ্গাকারার ওই প্রত্যয়নে৷
২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডের ক্যারিয়ার তেমন উজ্জ্বল ছিল না৷ ২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার পর ওই বছরই আরব আমিরাতকে নিয়ে শুরু কোচিং ক্যারিয়ার৷ পরের বছরই তিন বছরের চুক্তিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের কোচ৷ বোর্ডপ্রধানের লেখা ওই চিঠিতেই সাঙ্গাকারা উল্লেখ করেছিলেন, ‘শ্রীলঙ্কা ‘এ’ দল ইতিহাসের সেরা সময় কাটিয়েছে চন্ডিকার কোচিংয়ে৷’ সাঙ্গাকারা ও মুত্তিয়া মুরালিধরনের বিশেষ অনুরোধে ২০০৯ সালে জাতীয় দলের ‘ছায়া’ কোচ হয়ে আসেন হাথুরুসিংহে৷ শ্রীলঙ্কার প্রধান কোচ তখন ট্রেভর বেলিস, সহকারী স্টুয়ার্ট ল৷ ছায়া কোচ হিসেবে হাথুরুসিংহের দায়িত্ব ছিল ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সহায়তা করা, ক্রিকেটারদের ব্যক্তিগত টেকনিকের ঘাটতিগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করা এবং দলীয় পরিকল্পনায় ভূমিকা রাখা৷ মানে প্রায় সবকিছুই! শ্রীলঙ্কার ভবিষ্যৎ কোচ হিসেবেই দেখা হচ্ছিল তঁাকে৷ কিন্তু বিতর্কিতভাবে বরখাস্ত হলেন ২০১০ সালের জুনে৷ ‘অপরাধ’ ছিল বোর্ডপ্রধানের কথা না শোনা৷ শ্রীলঙ্কা তখন ত্রিদেশীয় সিরিজ খেলছে জিম্বাবুয়েতে৷ লেভেল ৩ কোচিং করতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা হাথুরুসিংহের৷ বোর্ডপ্রধান বলেছিলেন ফাইনালের পরে যেতে, কিন্তু চলে যান ফাইনালের আগেই৷ সাঙ্গা-জয়াবর্ধনেদের অনুরোধ উপেক্ষা করে বাদ দেওয়া হয় তাঁকে৷ ওই বছরই পরিবারসহ থিতু হন অস্ট্রেলিয়ায়৷ ২০১১ বিশ্বকাপে ছিলেন কানাডার পরামর্শক৷ পরের বছর সেপ্টেম্বরে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ৷ স্টুয়ার্ট বরখাস্ত হওয়ায় কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করে এখন আবার ট্রেভর বেলিসের সহকারী৷ সিডনি সিক্সার্সের সহকারী কোচ হিসেবে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ৷ এখন প্রধান কোচ সিডনি থান্ডারের৷
সিডনি সিক্সার্সে হাথুরুসিংহের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের বিদায়ী ফিল্ডিং কোচ কোরি রিচার্ডস৷ শোনালেন সেই অভিজ্ঞতা, ‘ওর ওয়ার্ক এথিক অসাধারণ, দারুণ পেশাদার৷ খুব আগ্রাসী ও আপসহীন৷ একজন শ্রীলঙ্কান অস্ট্রেলিয়ায় গিয়ে এতটা ভালো করছে, সেটাই তো চন্ডিকার সামর্থ্য বলে দিচ্ছে৷’
রিচার্ডসের কথা আর কোচিং প্রোফাইল বলছে, হয়তো উপযুক্ত একজনকেই বেছে নিয়েছে বিসিবি৷ কিন্তু আসলে কতটা উপযুক্ত তা বলবে সময়!