কেমন হবে মেসিহীন বার্সার প্রথম ম্যাচের একাদশ?

আজ কোন একাদশ নামবে?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ শূন্যতা হয়তো কখনো পূরণ হওয়ারও নয়। লিওনেল মেসির মতো আরেকজনকে বার্সা আর কবে পাবে, সেটা কে বলতে পারে! কিন্তু এসব আঁকড়ে ধরে তো আর পড়ে থাকতে পারে না বার্সা, পড়ে থাকবেও না। মেসির আগেও বার্সা চলেছে, মেসির পরও চলবে। হয়তো শুধু কীভাবে চলবে, সেটির ধরনে পার্থক্য আসবে।

মেসি-উত্তর যুগে বার্সার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হয়ে যাচ্ছে আজ। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় স্প্যানিশ লিগে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামছে বার্সেলোনা। কেমন হবে মেসিহীন বার্সার প্রথম একাদশ?

ডিপাই কি মেসির শূন্যস্থান পূরণ করবেন?
ছবি: রয়টার্স

ক্লাবের আর্থিক জটিলতা আর লিগের বেতন কাঠামোর নিয়মের কারণে বার্সেলোনায় তাঁর চুক্তি নবায়ন সম্ভব হয়নি, মেসি তাই পাড়ি জমিয়েছেন বন্ধু নেইমারের ক্লাব পিএসজিতে। সেখানে গতকাল দর্শকদের সামনে মাঠে তাঁকে পরিচয়ও করিয়ে দেওয়া হলো। যদিও ফরাসি লিগে স্ত্রাসবুর্গের বিপক্ষে নিজেদের মাঠে পিএসজির ৪-২ গোলের জয়ে মেসি বা নেইমার কেউই মাঠে নামতে পারেননি। কোপা আমেরিকা শেষে ছুটি কাটিয়ে নেইমার ক্লাবে ফিরেছেন অল্প কদিন হলো, মেসিও ছুটি কাটিয়ে বার্সায় ফেরার পর তো এক সপ্তাহের মধ্যেই তাঁর জীবন বদলে গেল—বার্সা ছেড়ে তিনি হয়ে গেলেন পিএসজির।

এর মধ্যে বার্সা প্রাক-মৌসুম প্রস্তুতি চালিয়ে গেছে। সেখানে একেবারে খারাপও করেনি রোনাল্ড কোমানের দল। চার ম্যাচের তিনটিতে জিতেছে, হেরেছে একটিতে। এর মধ্যে জিরোনা (৩-০ গোলে) আর স্টুটগার্টের (৩-০) বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় হয়তো সেভাবে আলোড়ন তোলেনি। তৃতীয় ম্যাচে আর বি লাইপজিগের বিপক্ষে হারটা (২-১) এসেছে ধাক্কা হয়ে। তবে প্রাক-মৌসুমে সবচেয়ে আলোচিত ম্যাচে দারুণ জয়ই পেয়েছে বার্সা। প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্ট হোয়ান গাম্পার ট্রফিতে ৩-০ গোলে হারিয়েছে রোনালদোর জুভেন্টাসকে।

মার্টিন ব্রাথওয়েইট (মাঝে) আজ একাদশে থাকবেন বলে শোনা যাচ্ছে
ছবি: রয়টার্স

মেসি চলে যাওয়ার পর যাঁদের ওপরে সবচেয়ে বেশি ভরসা করবে, তাঁদের মধ্যে এই মৌসুমে লিওঁতে চুক্তি শেষে বার্সেলোনায় যাওয়া মেম্ফিস প্রাক-মৌসুমে বুঝিয়ে দিয়েছেন, তিনি বার্সা-চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। প্রস্তুতি ম্যাচগুলোতে ৩ গোল করেছেন ডাচ ফরোয়ার্ড! মেসি যাওয়ার পর মেসির ‘ফ্রি-রোলে’ সবচেয়ে বেশি আলো ছড়ানোর সম্ভাবনা যাঁর, সেই আঁতোয়ান গ্রিজমান অবশ্য প্রাক–মৌসুমে তিন ম্যাচে নামলেও কোনো গোল পাননি। ফিলিপে কুতিনিও তো এখনো চোট কাটিয়ে পুনর্বাসনে।

এই নামগুলোর সঙ্গে যোগ করে নিন ফ্রেঙ্কি ডি ইয়ং, জেরার্ড পিকে, জর্দি আলবা, মার্ক-আন্দ্রে টের স্টেগেনের মতো নাম...বার্সার দলটা খারাপ নয়। এর সঙ্গে পেদ্রি, আনসু ফাতি, রোনাল্ড আরাউহো, সের্হিনিও দেস্ত, অস্কার মিঙ্গেসা কিংবা এই মৌসুমেই বার্সায় যাওয়া এরিক গার্সিয়ার মতো তরুণেরা তো আছেনই, প্রাক–মৌসুমে আলো ছড়িয়ে নজর কেড়েছেন মিডফিল্ডার গাভি, ডিফেন্সিভ মিডফিল্ডার নিকো গঞ্জালেস, উইঙ্গার ইউসুফ দেমির, আলেক্স কোলাদো, ফরোয়ার্ড রেই মানাজের মতো একাডেমি থেকে উঠে আসা তরুণেরা। রোনাল্ড কোমান তাঁদের মধ্যে নিকো, গাভি, দেমির, মানাজদের আগামী মৌসুমে মূল একাদশে সুযোগ দেবেন বলে শোনা যাচ্ছে।

দু-একজন সে সুযোগ আজই পেয়ে যেতে পারেন! স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, দেমিরকে আজ মূল একাদশেও দেখা যেতে পারে! মার্কার হিসাবে, টের স্টেগেন চোটে থাকায় গোলপোস্টে থাকবেন নেতো। ৪-৩-৩ ছকে রক্ষণে খেলবেন দেস্ত, পিকে, আরাউহো ও আলবা। মাঝমাঠের কেন্দ্রে সের্হিও বুসকেতসের সঙ্গী হবেন সের্হি রবার্তো ও ডি ইয়ং। আর আক্রমণে মেম্ফিস ও গ্রিজমানের সঙ্গে খেলবেন দেমির!
বার্সার সমর্থকদের জন্য সুখবর, মেম্ফিস ও গার্সিয়ার বার্সার খেলোয়াড় হিসেবে নিবন্ধন গতকাল হয়ে গেছে। আজ মাঠে নামতে তাঁদের কোনো ঝামেলা নেই। স্পেনের হয়ে ইউরোর পর অলিম্পিকও খেলে আসা পেদ্রিকে একাদশে না-ও রাখতে পারেন কোমান, এমনটাই লিখেছে মার্কা। তবে সেটা নির্ভর করবে চোট কাটিয়ে ডি ইয়ং কতটা ফিট হয়ে উঠেছেন, সেটির ওপর।

মেসিকে ছাড়া চলার চ্যালেঞ্জ নিয়েছেন কোমান
ছবি: রয়টার্স

বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত অবশ্য একাদশে দেমিরের জায়গা দেখছে না। তাদের হিসাবে গোলপোস্ট আর রক্ষণ মার্কার দেওয়া একাদশের মতোই। তবে মাঝমাঠে বুসকেতসের পাশাপাশি ডি ইয়ং ও পেদ্রি দুজনই খেলবেন বলে জানাচ্ছে স্পোর্ত। আর আক্রমণ? স্পোর্তের হিসাব, মেম্ফিস ও গ্রিজমান দুই পাশে থাকবেন, মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন মার্টিন ব্রাথওয়েইট।

সোসিয়েদাদ অবশ্য আজ পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছে না। স্পেনের হয়ে অলিম্পিকে খেলা তিন ফুটবলার মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালকে ছাড়াই নামতে পারে সোসিয়েদাদ, অনুমান মার্কার। গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাব ব্রাইটন থেকে সোসিয়েদাদে যাওয়া অস্ট্রেলিয়ান গোলকিপার ম্যাট রায়ান চোটে, তাই তিনিও খেলতে পারবেন না।

আজ এই একাদশ দেখা যেতে পারে
ছবি: প্রথম আলো

সোসিয়েদাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা, গত মৌসুমে সোসিয়েদাদের হয়ে আলো ছড়ানোর পর ইউরোতেও নজর কাড়া সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাক চোটের কারণে দলে নেই। তাঁর বিকল্প হিসেবে দলে থাকা কার্লোস ফের্নান্দেসও চোটে। তবে গত মৌসুমে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষে সোসিয়েদাদে যাওয়া মিডফিল্ডার দাভিদ সিলভা আজ একাদশে থাকবেন বলে জানাচ্ছে মার্কা।