কেলির হৃদয়ে বাংলাদেশ
আহত দৃষ্টিতে তাকালেন প্রশ্নকর্তার দিকে। চোখে খেলে গেল একটু বিস্ময় ও বিরক্তিও। পরিচিত মুখ খুঁজতে প্রেসবক্সে এসেছেন, সেখানে এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘বার্মি-আর্মির হয়ে এসেছেন নাকি?’ জীবনে এমন অদ্ভুত প্রশ্ন যেন শোনেননি, এই ভঙ্গিতে উত্তর, ‘আমি বাংলাদেশের জন্য এসেছি! আমাকে বাংলাদেশ-আর্মি বলতে পারেন।’ পরিস্থিতি হালকা করার জন্যই হয়তো এর পর ভেঙে পড়লেন হাসিতে।এই খাঁটি বাংলাদেশপ্রেমীর নাম কেলি। জন্ম ওয়েলসে, এখন থাকেন ডার্বিশায়ারে। খুব বিখ্যাত কেউ নন, তবে বাংলাদেশের একটা প্রজন্মের ক্রিকেটারদের কাছে তাঁর জায়গা হূদয়ে। পুরো নাম বললে অবশ্য পরিচয়টা পরিষ্কার হবে—কেলি বারলো। বাংলাদেশের সাবেক কোচ এডি বারলোর স্ত্রী। বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটার এডি বারলো কতবড় অলরাউন্ডার হতে পারতেন, সেই উত্তরটা অজানাই থেকে গেছে, কিন্তু কোচিংয়ে জড়ানোর পর তাঁকে মনে করা হতো দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেট-মস্তিষ্ক। বাংলাদেশেও যে ক্রিকেটাররা বারলোর সান্নিধ্য পেয়েছেন, সবাই তাঁকে মাথায় করেই রাখেন।তবে বারলো-কেলিকে নিয়ে আবেগের জায়গা অন্যখানে। বছর দেড়েক দলের কোচ ছিলেন। কিন্তু এর মাঝেই এই দেশ, ক্রিকেটার আর মানুষ—সবার সঙ্গেই মিশে গিয়েছিলেন। স্ট্রোকে হুইলচেয়ারে বন্দী হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে বিদায় বলতে হয়েছিল বারলোকে। যাওয়ার সময় তাঁর সেই কান্নার দৃশ্য এখনো অনেকের চোখে ভাসে।মাঝখানে পেরিয়ে গেছে প্রায় ১০টি বছর, কিন্তু হূদয়ের যে সম্পর্ক তাতে ভাটার টান লাগেনি একটুও। হৃদয়ের টানেই কেলি আবার বাংলাদেশে। ‘আকরাম, অপি, মনি, সুজন, সুমনদের দেখে কী যে অনুভূতি হলো, বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল গতকালই ওদের সঙ্গে আমার দেখা হয়েছে’—চোখ-মুখে ঠিকরে বেরোনো উচ্ছ্বাসটাই বলে দিচ্ছিল, শুধু ভদ্রতা করে বলা নয়, অনেক দিন পর যেন দেখা পেয়েছেন আত্মার আত্মীয়ের। বারলো বেঁচে থাকতেই দুজনে পরিকল্পনা করেছিলেন বাংলাদেশে আসবেন, ২০০৫-এর ডিসেম্বরে বারলো মারা যাওয়ায় সেটি আর হয়নি। এবার অনেক আগেই ঠিক করেছিলেন ইংল্যান্ডের টেস্টগুলো দেখতে আসবেন। এসেছেনও, তার পরও কণ্ঠে আফসোস, ‘আমার আরও বেশি আসা উচিত ছিল। এই দেশ, দেশের মানুষ আমাকে ভীষণ টানে।’এই দেশকে কতটা আপন করে নিয়েছিলেন, সেটি বোঝা যাবে তাঁর জীবনের সবচেয়ে মজার ঘটনার একটি থেকেই, ‘একবার বিকেএসপিতে আমরা সবাই মিলে খেতে বসেছি। গ্যাভিন বেঞ্জাফিল্ডের (বাংলাদেশের সাবেক ফিজিও) গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলা দেখলাম কী যেন খুঁজছে। বললাম, কী খুঁজছ? ও বলল, চামচ—কাঁটাচামচ। আমি বললাম, এখানে আমরা সবাই হাত দিয়ে খাই, তোমারও তা-ই করা উচিত। ও কোনোভাবেই রাজি হলো না, চামচ দিয়েই খেলো।’ এসব মনে করে হাসছেন, আবার বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার স্মৃতি মনে করে চিকচিক করে উঠছে চোখ। জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি বলে মনে করেন এটাকেই। বাড়িতে ৯৭ বছর বয়সী মার সেবা করে আর ক্রিকেট দেখেই সময় কেটে যায় এখন। আর প্রতি মুহূর্তের সঙ্গী এডি বারলোর স্মৃতি। এডির শেষ দিনের কথাগুলো মনে করে নিভৃতে কাঁদেন, আবার সুখের দিনগুলোর কথা মনে করে সান্ত্বনা পান। সেসব সুখস্মৃতির অনেকটাই বাংলাদেশে। ‘এডির স্মৃতিই আমাকে এখানে টেনে এনেছে’ বলেই জানালেন, ‘হয়তো খুব অল্প সময় কাটিয়েছি, কিন্তু আমাদের দুজনের জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্তের দেখা পেয়েছি এখানেই।’