কেলেঙ্কারির কথা অস্বীকার রউফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লীনা কাপুরের সঙ্গে সম্পর্কের কথা সরাসরিই অস্বীকার করেছেন পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ। তবে অস্বীকার করতে পারেননি লীনার সঙ্গে তোলা ছবিগুলো। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার জানিয়েছেন, লীনাকে একজন ‘ভক্ত’ হিসেবে তিনি ছবি তোলার সুযোগ দিয়েছিলেন। লীনার সঙ্গে তাঁর কোনো ধরনের বন্ধুত্বের সম্পর্কও নেই, বিয়ের প্রস্তাব তো অনেক দূরের ব্যাপার। কোনো ধরনের অনৈতিক শারীরিক সম্পর্কও লীনার সঙ্গে তাঁর হয়নি বলে জানিয়েছেন আসাদ রউফ।ভারতের মধ্যম সারির মডেল লীনা কাপুর মুম্বাই পুলিশের কাছে করা এক লিখিত অভিযোগে জানিয়েছেন, এক বন্ধুর মাধ্যমে পরিচিত হওয়ার পর পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। বিবাহিত আসাদ রউফ তাঁর বর্তমান স্ত্রীর অনুমতি নিয়ে লীনাকে বিয়ের প্রস্তাবও দেন বলে সেই অভিযোগপত্রে জানানো হয়েছে। বিয়ের কথা বলে আসাদ তাঁর সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছেন বলেও অভিযোগ করেছেন লীনা কাপুর। লীনা কাপুরের মূল অভিযোগ, আসাদ রউফ এখন এই সম্পর্ককে অস্বীকার করছেন।এই কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন আসাদ রউফ। ভারতের এক্সপ্রেস নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, অনেক ভক্তই তাঁর সঙ্গে ছবি তোলে। লীনা কাপুরকেও সে হিসেবেই তিনি তাঁর সঙ্গে ছবি তোলার অনুমতি দিয়েছিলেন। আসাদ বলেন, বলিউডের বেশ কয়েকজন কলাকুশলীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক থাকায় লীনা একটি রিয়েলিটি শোতে ঢুকিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আসাদ সে মোতাবেক কয়েকজনের সঙ্গে কথাবার্তাও বলেন। তাঁর অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর এ বিষয়ে তিনি আর এগোননি বলে জানান আসাদ। আসাদ রউফ বলেন, আমার বয়স ৫৬। এই বয়সে এ ধরনের কোনো অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, লীনা কাপুরের অভিযোগগুলো ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই নয়।আসাদের মতে, সস্তা পরিচিতি পাওয়ার জন্যই লীনা এ ধরনের অভিযোগ করছে। এই অভিযোগ আইসিসির এলিট প্যানেল আম্পায়ার ও প্রথম শ্রেণীর সাবেক ক্রিকেটার হিসেবে তাঁর সুনাম হরণেরও এক ধরনের অপচেষ্টা।এদিকে, লীনা কাপুর বলেছেন, ‘এই আসাদ রউফ দিল্লিতে অনেক জায়গায় আমাকে ‘স্ত্রী’ হিসেবেও অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এমনকি কিছুদিন আগে বিয়ের জন্য সে আমার বাবা-মায়ের সঙ্গেও দেখা করার কথা বলেছিল। এখন সে পুরো সম্পর্কের কথাই অস্বীকার করছে !’লীনা বলেন, ‘আমার কাছে আসাদ রউফের সঙ্গে অনেক ছবিই আছে। ওগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। ছবি দেখেই বোঝা যায়, তাঁর সঙ্গে আমার কী ধরনের সম্পর্ক ছিল।’ আসাদ রউফকে একজন ‘মিথ্যাবাদী’ ও ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করে লীনা বলেন, ‘আমি তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছি। সে আমাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিয়েছে। আশা করছি আমি সুবিচার পাব।’ আসাদ রউফ সংক্ষেপে নিজের অবস্থান ব্যাখা করলেও তিনি পরবর্তী সময় আইসিসির অনুমতিক্রমে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু আমি আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ, তাই এ ব্যাপারে বিস্তারিত বলতে গেলে আমার আইসিসির অনমুতি লাগবে।’তাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠলেও এলিট প্যানেল আম্পায়ার হিসেবে তিনি তাঁর দায়িত্ব পালন করে যাবেন বলেই জানিয়েছেন আসাদ রউফ। তিনি বলেন, ‘আগামী জানুয়ারিতে আমি ভারতে যাব ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজ পরিচালনা করতে। সবকিছুই সূচি অনুযায়ী হবে।’আসাদ রউফ খুব শিগগিরই লীনা কাপুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন। তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, কোনো প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ আনা হয়েছে। এতে করে তিনি সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। ইএসপিএন।