কেশির পদত্যাগ-নাটক
নাইজেরিয়াকে ১৯ বছর পর আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতিয়েছেন। গড়েছেন কোচ ও খেলোয়াড় হিসেবে নেশনস কাপ জয়ের মাত্র দ্বিতীয় উদাহরণ। অথচ এরপরই কি না পদত্যাগ করে বসেছিলেন স্টিফেন কেশি। নাইজেরিয়ার ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে এক দিন পর অবশ্য পদত্যাগপত্র প্রত্যাহারও করে নিয়েছেন। গতকাল এক বিবৃতিতে কেশির পদত্যাগপত্র প্রত্যাহারের কথা নিশ্চিত করেছে নাইজেরিয়ার ফুটবল ফেডারেশন। এর আগে গত পরশু পদত্যাগের কথা জানিয়ে দক্ষিণ আফ্রিকান একটি রেডিওকে কেশি বলেছিলেন, ‘ফাইনালের পরই আমি আমার পদত্যাগপত্র জাতীয় ফুটবল ফেডারেশনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তাদের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।’নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে কেশি পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন গত সপ্তাহেই। সেমিফাইনালে মালিকে বিধ্বস্ত করার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। কেশির অসন্তুষ্টির কারণও ছিল। কোচের দায়িত্ব চাপিয়ে দিলেও ৫১ বছর বয়সী কোচের ওপর ফেডারেশনের কর্তাদের কোনো আস্থাই যেন ছিল না! নেশনস কাপের জন্য নাইজেরিয়ার ঘরোয়া লিগে খেলা তরুণদেরই প্রাধান্য দেওয়ায় টুর্নামেন্টের আগে সমালোচিত হয়েছিলেন অনেক। তবে নাইজেরিয়ার ১৯৯৪ নেশনস কাপজয়ী দলের অধিনায়ক কেশি সবচেয়ে অপমানিত বোধ করেছেন টুর্নামেন্ট চলার সময়ে। ফেবারিট আইভরি কোস্টের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফেরার বিমানের টিকিট কনফার্ম করে ফেলেছিলেন ফেডারেশনের কর্তারা! এএফপি।