
চাইলে সমালোচনার ঝাঁপি খুলে দেওয়া যায়। বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং কিছুই হয়নি বলে সব দোষ চাপিয়ে দেওয়া যায় খেলোয়াড়দের ঘাড়ে। কিন্তু সেটা কি উচিত হবে? এটা ঠিক, মাঠে খেলোয়াড়েরাই খেলেন। কিন্তু তাঁদের সেই খেলার পেছনে আরও অনেক প্রক্রিয়া থাকে, অনেক চিন্তা থাকে—যেগুলোর সবই খেলোয়াড়দের আয়ত্তে নেই।
উইকেটের কথাই আগে বলি। একটা ক্রিকেট ম্যাচের সঙ্গে যাঁরা সম্পৃক্ত থাকেন তাঁদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলেন কিউরেটর। তাঁর মাধ্যমেই উইকেটের আয়নায় ফুটে ওঠে টুর্নামেন্টের চরিত্র। কিছুদিন আগে এশিয়া কাপে দেখলাম বোলারদের দাপট। পরশু নাগপুরে মাত্র তিন ঘণ্টার মধ্যে দেখে ফেললাম স্পিনাররা কীভাবে একটা ম্যাচের রাজা হয়ে উঠতে পারে। দ্বিতীয় ইনিংসে বল যে রকম টার্ন করেছে, মনে হচ্ছিল ১৯৮০-৯০-এর কোনো টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের খেলা দেখছি! কাল ইডেন গার্ডেনে দেখলাম আরেক রকম দৃশ্য। যেখানে উইকেট ব্যাটসম্যানদের বুক পেতে দেয়। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে উইকেটের এমন চরিত্রগত তারতম্য দেখে মনে ভাবনা আসে, ক্রিকেটের এই জায়গায় আসলে আইসিসির নিয়ন্ত্রণ কতটা আছে? কিংবা আদৌ আছে তো!
দ্বিতীয়ত কালকের ম্যাচে বাংলাদেশ দলের একাদশ নিয়েও কিছু কথা বলতে হয়। সৌম্য সরকারের হয়তো একটা বিরতি প্রয়োজন, সে কথা আগেই বলেছি। অনেক সময় খেলোয়াড়েরা মাঠে নিজেদের পারফরম্যান্সে ও শরীরী ভাষায় সেই প্রয়োজনটা জানান দেয়, যেমন সৌম্য জানাচ্ছেন। কোচদের বার্তাটা বুঝে নিতে হয়। কিন্তু আমাদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে কেন জানি তা বুঝতে পারছেন না! ফর্মে না থাকা একজন খেলোয়াড়কে তিনি আরও অসহায় অবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। বাহ্যত মনে হচ্ছে, এ ক্ষেত্রে বিসিবিও তাঁর ইচ্ছার কাছে অসহায় আত্মসমর্পণ করে ফেলেছে। এটা কোনো দেশের ক্রিকেটের উন্নতির জন্যই মঙ্গলজনক হতে পারে না।
সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান বা সাম্প্রতিক সময়ে যাঁরা ভালো খেলছেন, কেউই কিন্তু হাথুরুসিংহের সৃষ্টি নন। এসব ক্রিকেটারকে তিনি ‘উপহার’ হিসেবে পেয়েছেন এবং তাঁর দায়িত্ব, এই ক্রিকেটারদের পারফরম্যান্সে আরও উন্নতি আনা। কিন্তু সেটার পরিবর্তে আমরা কি দেখছি? আশা করি বিষয়টিতে জরুরি ভিত্তিতে দৃষ্টি দেবে বিসিবি।
কালকের খেলার প্রসঙ্গে একটু আসি। হ্যাঁ, ব্যাটিং-বোলিং সবকিছুতেই আমরা এদিন ব্যর্থ। ম্যাচের কোনো অংশেই খেলোয়াড়েরা তাঁদের সাম্প্রতিক ফর্ম ফুটিয়ে তুলতে পারেননি। বিশেষ করে বোলিংয়ের কথাটাই বলব। সত্যিকারের ব্যাটিং উইকেট থেকে সাফল্য তুলে নিতে বোলারদের কিছু কৌশল অবলম্বন করতে হয়। লাইন-লেংথ ঠিক রাখা, মাঝেমধ্যে দু-একটা ইয়র্কার দেওয়ার চেষ্টা করা। কাল আমাদের কারও বোলিংয়েই সেটা পাইনি। খুবই সাধারণ মানের বোলিং করেছেন সবাই। ইনিংসের শুরু বা ডেথ ওভার—কখনোই নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিতে পারেননি বোলাররা। পাকিস্তানের রান সেই সুযোগেই দুই শর ওপরে চলে গেল। টি-টোয়েন্টিতে এত উঁচু রানের পাহাড় টপকানো অনেক বড় চ্যালেঞ্জ।
সাম্প্রতিক সময়ে ভালো বোলিং করা আল আমিনকেও কেমন এলোমেলো মনে হলো। এর আগে তাঁর বোলিং অ্যাকশনও একবার প্রশ্নবিদ্ধ হয়েছিল। হতে পারে, সানি-তাসকিনের অ্যাকশন নিয়ে ওঠা সন্দেহ আল আমিনের মধ্যেও নতুন করে ভয় ঢুকিয়ে দিয়েছে।
সুপার টেনে বাংলাদেশের গ্রুপটা খুব কঠিন। প্রত্যাশাটা তাই আকাশছোঁয়া না হওয়াই ভালো। প্রথম পর্বে খুব ভালো খেললেও এটা তো মানতেই হবে যে এক-দুজন ছাড়া আমাদের বেশির ভাগ ক্রিকেটারই এখন ফর্মে নেই।