কোচ নাকি পরামর্শক বেভান?

বিসিবিতে কান পাতলেই শোনা যাচ্ছে প্রশ্নটা—কে হচ্ছেন জাতীয় দলের পরবর্তী কোচ? বিসিবির বাতাসেই কিন্তু ভেসে বেড়াচ্ছে অনেক নাম। তবে কাল পর্যন্ত ঘুরেফিরে চণ্ডিকা হাথুরুসিংহে আর মাইকেল বেভানে এসে ঠেকছিল সবকিছু। মনে হচ্ছিল এই দুজনের একজনই হতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী কোচ। কিংবা মিরপুরের নেটে একসঙ্গে দেখা যেতে পারে দুজনকেই!
এমন কথায় চমকে যেতে পারেন৷ যেখানে একজন বিদেশি কোচ পেতেই ঘাম ছুটে যায়, সেখানে একসঙ্গে দুজন! আসলে শেন জার্গেনসেনের উত্তরসূরি খঁুজতে গিয়ে বিসিবি একই সঙ্গে আলোচনা চালাচ্ছিল শ্রীলঙ্কার হাথুরুসিংহে আর অস্ট্রেলিয়ার বেভানের সঙ্গে। দুজনকেই পাঠানো হয় প্রস্তাবপত্র। শর্তে বনিবনা হলে ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে দুজনকে দুই ভূমিকায় কাজে লাগানোর চিন্তা ছিল বিসিবিতে। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী হাথুরুসিংহের চিন্তাভাবনা একটু অন্য রকমই৷
কাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেভানের দিক থেকে বিসিবি কিছু জানতে না পারলেও নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ এবং বিগ ব্যাশে সিডনি থান্ডারের প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে প্রস্তাবপত্র নিয়ে আলোচনা শুরু হয়েছিল আগেই। কিন্তু আলোচনা শুরু হতে না-হতেই এ ব্যাপারে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের বিভিন্ন সংবাদমাধ্যমের ফোন পেয়ে প্রচণ্ড বিরক্ত হাথুরুসিংহে। রেগেমেগে নাকি বাংলাদেশে না আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিসিবিকে। তাঁর ‘না’টাকে বিসিবি আবার ‘হ্যাঁ’ করার চেষ্টা চালালেও কাল ক্রিকইনফোকে দেওয়া হাথুরুসিংহের সাক্ষাৎকারের পর তারা তাতে সফল হবে না বলেই মনে হচ্ছে৷ সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছেন, শ্রীলঙ্কার কোচ হওয়ার ডাক পেলে সাড়া দেওয়ার কথা বিবেচনা করে দেখবেন তিনি৷ আর সবার মতো তিনিও চান দেশের ক্রিকেটের জন্য কাজ করতে৷
হাথুরুসিংহে নতুন করে আলোচনা শুরু করলে সেটা বিসিবির কোচ সন্ধান কমিটির জন্য হবে বড় পাওয়া । তা না হলে হয়তো বেভানেই সমাধান খুঁজতে চাইবেন তাঁরা। চড়া বেতন আর অনেক কঠিন শর্ত দিলেও অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন করেনি বিসিবি। বরং লিখিত প্রস্তাবপত্র পাঠিয়ে অপেক্ষা চলছে তাঁর জবাবের। সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে প্রধান কোচ হওয়ার জন্য মাসে ৩০ হাজার ডলারের বেশি বেতনের বাইরেও কিছু শর্ত দিয়েছেন বেভান। তিনি চুক্তিবদ্ধ হতে চান ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত। দলের সঙ্গে থাকতে চান শুধু সিরিজ বা টুর্নামেন্টের সময়। প্রথম পছন্দ হাথুরুসিংহেকে আনতে না পারলে হয়তো এসব শর্ত কিছুটা শিথিল করার চেষ্টা করে বেভানকে রাজি করাতে চাইবে বিসিবি। আর সেটা না হলে তাঁকে নিয়ে আছে বিকল্প ‘প্যাকেজ’ ভাবনা।
এই ‘প্যাকেজ’ অন্য কেউ প্রধান কোচ হলেও হতে পারে। ওয়ানডেতে ‘ফিনিশার’ কথাটার সৃষ্টিই যাঁর কারণে, ২০১৫ বিশ্বকাপের আগে ৫৩.৫৮ গড় রানের সেই বেভানের ব্যাটিং-জ্ঞানটাকে কাজে লাগাতে চায় বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘অন্য কেউ প্রধান কোচ হলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে বেভানকে খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে নেওয়ার বিষয় বিবেচনায় আছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে ওয়ানডের ব্যাটিং কী রকম হওয়া উচিত, কীভাবে স্ট্রাইক বদলাতে হয়, এসব ক্ষেত্রে তাঁর পরামর্শ ছেলেদের কাজে দেবে।’ সে ক্ষেত্রে মাসিক বেতনের ঝামেলায় না গিয়ে চুক্তি হবে থোক টাকার৷
হাথুরুসিংহে আর বেভানের বাইরে প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকায় আর কেউ থাকলেও একান্ত নিরুপায় না হলে তাঁদের দিকে ঝঁুকবে না বিসিবি। যদিও কাল বিকেলে কোচ সন্ধান কমিটির সদস্য জালাল ইউনুস বললেন, ‘প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকায় তিনজন আছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি।’ কোচ খোঁজার কাজে অনেকটাই এগিয়ে গেছেন বলে দাবি তাঁর, ‘শিগগিরই হয়তো আমরা কোনো একজনকে নিশ্চিত করব। বলতে পারেন প্রধান কোচ খোঁজার কাজ ৭৫ ভাগ শেষ।’
জুনের মধ্যে বোলিং কোচ আর ট্রেনার নিয়োগ দেওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। বোলিং কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে আনারই সম্ভাবনা বেশি। ফিল্ডিং কোচ হিসেবে নেওয়া হবে স্থানীয় কাউকে। তবে বিশ্বকাপের আগে স্বল্প সময়ের জন্য আনা হতে পারে বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ।
বিদেশি কোচদের নাম যখনই ঘোষণা হোক না কেন, আগামী মাসের ভারত সিরিজের আগে তাঁদের কাজে যোগ দেওয়ার সম্ভাবনা কম। সে েক্ষত্রে জাতীয় দলের সাবেক কোচ সরওয়ার ইমরানকে দেওয়া হতে পারে ভারত সিরিজের দায়িত্ব। আনুষ্ঠানিক প্রস্তাব এখনো না পেলেও কাল টেলিফোনে সরওয়ার ইমরান বলেছেন, ‘দায়িত্ব পেলে আমি সেটা পালন করতে প্রস্তুত আছি।’