কোচই নেমে পড়লেন মাঠে

সিনেমার পরিচালক কখনো নিজেই নিজের ছবির অভিনেতা হয়ে যান। হয়তো ভাবেন, মনে মনে চরিত্রটা যে রকম ভাবছিলেন সেটা অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার চেয়ে নিজে করলেই সহজ হবে। অবশ্য শর্ত হলো, পরিচালককেও তখন ভালো অভিনেতা হতে হয়।
পরশু ওল্ড ট্রাফোর্ডে রায়ান গিগস যেন হয়ে গেলেন সেই পরিচালক-অভিনেতা। হাল সিটির বিপক্ষে ম্যাচে নিজেকে খেলোয়াড় তালিকায় রেখে শুরুতেই চমক দেন একই সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা ইউনাইটেডের খেলোয়াড়।
এটাই অবশ্য সবচেয়ে বড় চমক নয়। বড় বিস্ময়টা ছিল গিগসের প্রথম একাদশে। ইউনাইটেডের আক্রমণভাগে দুই আনকোরা ফরোয়ার্ড টম লরেন্স আর জেমস উইলসন। একজনের বয়স ২০, অন্যজনের ১৮। দুজনেরই ক্লাবের হয়ে অভিষেক। বড় বড় অভিনেতাকে বাদ দিয়ে অনেক সময় একেবারে নতুন কাউকে সুযোগ দেন পরিচালক। সেই নতুন মুখই প্রথম ছবিতে বাজিমাত করে দিয়ে হয়ে যান ‘সুপারস্টার’।
ওল্ড ট্রাফোর্ডের নতুন মুখ হয়ে পরশু আলো ছড়ালেন উইলসন। ৩১ আর ৬১ মিনিটে ইউনাইটেডের প্রথম দুটি গোল করে স্মরণীয় করে রাখলেন অভিষেকটা। লরেন্সও কম যাননি৷ হাল সিটির রক্ষণভাগকে অবিরত অস্বস্তিতে ফেলে বুঝিয়েছেন উজ্জ্বল ভবিষ্যৎ তাঁরও। পরে উইলসনের বদলি হিসেবে নেমে আরেকটা গোল করেছেন রবিন ফন পার্সিও। ৭০ মিনিটে লরেন্সের বদলি হিসেবে নেমে এই গোলটায় কিন্তু অবদান রেখেছেন গিগস নিজে! সব মিলিয়ে নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচে ইউনাইটেড জিতেছে ৩-১ গোলে। তবে সব ছাপিয়ে গিগসের উচ্ছ্বাসটা ইউনাইটেডের দুই তরুণ খেলোয়াড়ের জন্য। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে বিদায়ী বক্তৃতায় বললেন, ‘আপনারা ইউনাইটেডের ভবিষ্যতের একটা ঝলক দেখলেন। আমরা সব সময় আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। আমাদের সমর্থন করে যান, সুদিন ফিরবেই।’

সেই সুদিনের প্রত্যাশায় ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের শুভ কামনা জানিয়ে গেলেন অধিনায়ক নেমানিয়া ভিদিচও। আগামী মৌসুমে ইন্টার মিলানে পাড়ি জমাচ্ছেন এটা নিশ্চিত হয়ে গেছে আরও আগেই। ঘরের মাঠ থেকে তাই পরশু আবেগঘন বিদায় নিলেন ইউনাইটেডের এই সার্বিয়ান ডিফেন্ডার, ‘এই ক্লাবে আমার এত মধুর স্মৃতি যে কথা বলতে গিয়ে আমার গলা ধরে আসছে৷ সবকিছুর জন্য আমি শুধু আমার এত দিনের সতীর্থ, সব কোচ এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই।’
এই মৌসুমেই ক্লাবের সঙ্গে খেলোয়াড় হিসেবে চুক্তি শেষ হচ্ছে গিগসের। আগামী রোববার সেন্ট মেরি স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা থাকলেও নিজের মাঠে হয়তো ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলা হয়ে গেছে ওয়েলশ তারকার। সম্ভাব্য কোচ হিসেবে লুই ফন গালের নামটাই উচ্চারিত হচ্ছে বেশি। গিগস কি তাঁর সহকারী হিসেবে থাকবেন নাকি আরও লম্বা করবেন খেলোয়াড়ি ক্যারিয়ারটা? বিদায়বেলায় ইউনাইটেডের হয়ে ৯৬৩ ম্যাচ খেলা এই উইঙ্গার এসব প্রশ্নের জবাব তুলে রাখলেন আরও কিছুদিনের জন্য, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমি মৌসুম শেষ হওয়ার পর একটা ছুটি নেব। তারপরের দু-তিন সপ্তাহে এগুলো নিয়ে ভাবব।’ ওয়েবসাইট।