কোচকে উপহার দিতে চান ওজিলরা
জার্মানির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী ছিলেন িতনি। দিনে দিনে পরিণত হয়েছেন৷ জার্মানির ফুটবলে বিপ্লব আনতে বড় অবদান রাখলেন জোয়াকিম লো। সেই লোকেই এবার উপহার দিতে চান শিষ্যরা। যেটির নাম বিশ্বকাপ৷
আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিলের কথা, ‘তিনি (লো) জার্মানিকে সারা বিশ্বে নতুনভাবে চিনিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে, বিশ্বের সব জায়গায় জার্মানির সমীহ আদায় করে নেওয়া। যেখানেই খেলি না কেন, আমার মনে হয় প্রতিপক্ষ সব সময় আমাদের সঙ্গে খেলতে ভয় পায়। কারণ আমরা খুবই শক্তিশালী দল। আপনি যদি গত কয়েক বছরের জার্মানি দলটাকে লক্ষ করেন, দেখবেন ধারাবাহিকভাবে খুব ভালো ফুটবল খেলছি আমরা।’
২০০৬ বিশ্বকাপের পর জার্মানির কোচের দায়িত্ব নেন লো। ২০০৮ ইউরোতে জার্মানি রানার্সআপ হয়েছিল তাঁর অধীনেই। দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপে জার্মানিকে সেমিফাইনালে তুলেছিলেন লো, ২০১২ ইউরোতে তোলেন শেষ চারে। এবার ব্রাজিলে ৫৪ বছর বয়সী লোর হাতে বিশ্বকাপ তুলে দিতে মরিয়া ওজিল। যিনি গুরুর প্রশংসায় পঞ্চমুখ, ‘লো বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। আমরা তাঁকে পাশে পেয়ে খুব খুশি। আশা করি, শেষ পর্যন্ত তিনি পুরস্কৃত হবেন কারণ অতীতে আমরা সেমিফাইনাল বা ফাইনালে গিয়েই হেরেছি। একেবারে তীরে এসে তরি ডোবার ঘটনাটা সব সময়ই হতাশার।’ ওয়েবসাইট।