কোচের অপেক্ষায় সাকিব ও বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির দেওয়া শাস্তির ঘোষণা শোনার পর থেকে মুখে তালা মেরে আছেন সাকিব আল হাসান। তাঁর শাস্তির বিরুদ্ধে ভক্ত-সমর্থকেরা মানববন্ধনসহ বিভিন্নভাবে প্রতিবাদ জানালেও এ নিয়ে তিনি এখনো কোনো কথা বলেননি।
তবে একটি সূত্রের খবর, সাকিব এবং বিসিবি দুই পক্ষই এখন আছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ঢাকা ফেরার অপেক্ষায়।সাকিবের শাস্তির কথা শোনার পর কোচ নাকি ই-মেইলে বিসিবিকে জানিয়েছেন, বিষয়টা তিনি নিজে দেখতে চান।ছুটি কাটিয়ে ১৪ জুলাই রাতে ঢাকা ফেরার কথা হাথুরুসিংহের।
সাকিবকে দেওয়া শাস্তিটা বেশি হয়ে গেছে বলেই মত বেশির ভাগ মানুষের।বিস্ময়কর হলেও সত্যি একই উপলব্ধি আছে বিসিবিতেও! তবে অত্যুৎসাহী হয়ে একবার শাস্তি দিয়ে ফেলার পর সেটি আবার নিজেদের উদ্যোগে কমাতে যাওয়াটা নিজেদের জন্যই বিব্রতকর হবে। সে জন্য শাস্তি কমানোর ‘সম্মানজনক’ উপায় নাকি খোঁজা হচ্ছে এখন।
সেটি হতে পারে বোর্ডের কাছে সাকিবের দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে। অথবা হাথুরুসিংহে এসে যদি বোর্ডকে ‘অনুরোধ’ করে কমাতে পারেন শাস্তি। কাল নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা জানালেন, ‘এখন আমরা মূলত কোচের জন্যই অপেক্ষা করছি। কোচ নাকি বলেছেন, তিনি নিজে বিষয়টার মীমাংসা করতে চান।’

অবশ্য সাকিব চাইলেও এখনই ‘ক্ষমা’ চাইতে পারবেন না। আগে তো বিসিবির পক্ষ থেকে শাস্তির ঘোষণাটা তাঁকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে! তাঁকে যে আগামী দেড় বছর বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না বা তিনি যে আগামী ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না, সেটা সাকিব জেনেছেন পত্রিকা পড়ে আর টেলিভিশন দেখে। নিজেদের পেশাদার বলে দাবি করা বিসিবি কাল পর্যন্তও লিখিতভাবে শাস্তি প্রদানের বিষয়টি জানায়নি সাকিবকে। যতক্ষণ না ওই চিঠি হাতে পাচ্ছেন, ক্ষমা চাওয়া বা শাস্তির বিরুদ্ধে আপিল, কোনোটাই করতে পারছেন না তিনি।