কোনো অনুমানই খাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

আগে টিভির সামনে বসতাম সম্ভাব্য একটা স্কোরলাইন ভেবে। কে জিতবে অনুমান করা যেত। এই বিশ্বকাপে দেখছি কোনো অনুমানই খাটছে না। কেমন জানি সব তালগোল পাকিয়ে যাচ্ছে।
এটাই ব্রাজিল বিশ্বকাপকে করে তুলেছে অন্য রকম। পাকিস্তান ক্রিকেট দলকে যেমন ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয়, কখন কী করবে কেউ বুঝতে পারে না, নেইমারের দেশের বিশ্বকাপও যেন পাকিস্তান ক্রিকেট দলের পথ ধরেছে!
নইলে ইরান ম্যাচটা জিততে আর্জেন্টিনাকে কেন ৯২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে! এটা তো কেউ ভাবেনি। স্কোরলাইনে কেউ কেউ ৬-৭ গোলও দেখতে পাচ্ছিল। ২-৩ গোলের নিচে তো নয়ই! আর্জেন্টিনার জয়টা সময়ের ব্যাপারই ধরে নিচ্ছিল সবাই। কিন্তু হলো কিনা উল্টো। তা-ও মেসিকে জাদু দেখাতে হলো। মেসি ও রকম দুর্দান্ত গোল না করলে ম্যাচের ফল কী হতে পারত, থাক সেদিকে আমি যাচ্ছি না।
আসলে এখন দেখা যাচ্ছে, দলগুলোর মধ্যে পার্থক্য উনিশ-বিশ। উনিশ যেদিন ভালো খেলবে সে হবে সাড়ে উনিশ, আর বিশ একটু খারাপ করলে সাড়ে উনিশ। মানে দুই দলই সমান। ইরান যতই রক্ষণাত্মক খেলুক, দ্বিতীয়ার্ধে তো ওরা সুযোগ পেয়েছে। গোল হয়ে গেলে কিছু বলার ছিল না। সেটা হলে বিশ্বকাপের পরিস্থিিতটা কী দাঁড়াত ভেবে শিহরিত হচ্ছি।
হল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে এমন লড়াই হবে কে ভাবতে পেরেছিল! হল্যান্ড প্রথম ম্যাচে স্পেনকে ওভাবে ৫ গোলে ভাসিয়ে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে খাবি খেল। চ্যাম্পিয়ন স্পেন তো বিদায়ই নিয়েছে প্রথম দুই ম্যাচ হেরে, যা ছিল অকল্পনীয়। ব্রাজিল-আর্জেন্টিনার মতো জনপ্রিয় দলগুলো মসৃণভাবে এগোচ্ছে, সেটাও বলা যাচ্ছে না। স্কোরলাইন কী হবে, সেটা পেন্ডুলামের মতো দুলছে প্রায় প্রতিটি ম্যাচেই। পরশু জার্মানি-ঘানা ম্যাচেও একই দৃশ্য। ঘানা জিতেও যেতে পারত। ক্লোসাকে নামিয়ে জার্মানি ২-২ করেছে। পর্তুগালকে গুঁড়িয়ে দেওয়া জার্মানি ভালোই স্নায়ুর পরীক্ষা নিল সমর্থকদের। চিলি-কোস্টারিকার মতো দলগুলোর দাপট গোটা বিশ্বকাপকে করে তুলেছে আতঙ্কের বিশ্বকাপও!
সব মিলিয়ে উপভোগই করছি বিশ্বকাপ। লড়াইহীন ম্যাচ দেখায় রোমাঞ্চ জাগে না। হ্যঁা, প্রিয় দলের জয় সবাই দেখতে চায়। সেটা না পেলে মন খারাপ করেন সমর্থকেরা। উল্টো দিকে ৮-১০ গোলে জিতলে ওটা হয়ে পড়ে একতরফা লড়াই। ইরান সেভাবে গোলে ভাসলে ম্যাচটা এই উচ্চতায় ওঠে না। কিন্তু এখন উঠেছে ইরান প্রতিরোধ গড়তে পেরেছে বলেই। এই বিশ্বকাপটা সতি৵ই অনুমানের ঊর্ধ্বে উঠে গেছে। মুশকিল হচ্ছে কখন কোন বড় দল বিদায় নেয়, সেটাই শঙ্কার!