কোনো চমক নেই ব্রাজিল দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও ডি জেনিরোর সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি । রয়টার্স
রিও ডি জেনিরোর সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি । রয়টার্স

দলে থাকবেন কি থাকবেন না, এটা ভেবে নাকি থিয়াগো সিলভারই ঘুম হচ্ছিল না রাতে । ব্রাজিল অধিনায়কের যদি এই দশা হয়, বাকিদের অবস্থা নিশ্চয়ই আরও খারাপ ছিল । অপেক্ষা কখনো কখনো এতটাই শ্বাসরুদ্ধকর হয়!
শুধু ফুটবলারদের নয়, ব্রাজিলিয়ান সমর্থক এবং গোটা বিশ্বের সেই অপেক্ষার পালা অবশেষে ঘুচিয়ে দিয়েছেন লুইস ফেলিপে স্কলারি। রিও ডি জেনিরোতে কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ ঘোষণা করেছেন বিশ্বকাপে তাঁর ২৩ যোদ্ধার নাম। বিশ্বকাপের ষষ্ঠ শিরোপার মিশনে এরাই এখন ২০ কোটি ব্রাজিলিয়ানের স্বপ্নসারথি।
নাহ্, খুব বড় কোনো চমক নেই। সিলভাকে আর বিনিদ্র রজনী কাটাতে হবে না, কারণ তিনি আছেন। আছেন নেইমার, ফ্রেড, অস্কার, রামিরেস, আলভেজ, মার্সেলো, দান্তে আর সিজারের মতো সব চেনামুখই। কাকা-রোনালদিনহো-পাতোরা ব্রাজিল দলে নেই অনেক দিন ধরেই। স্কলারির দলে ওঁদের থাকাটাই বরং বড় চমক হতো। ২৩ জনের দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার ৬ জন হলেও স্কলারি সুযোগ দেননি লিভারপুল উইঙ্গার ফিলিপে কুতিনহোকে। তবে নাপোলি ডিফেন্ডার হেনরিকের সুযোগ পাওয়াটা কিছুটা হলেও চমক জাগানো। দেশের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ৭১ মিনিট খেলা এই সেন্টারব্যাক স্কলারির অধীনে এর আগে খেলেছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। হয়তো এই যোগসূত্রেই বিশ্বকাপে তাঁর ওপর আস্থা রেখেছেন ব্রাজিল কোচ।
২৩ জনের দলের ১৭ জনই খেলেছেন গত বছর কনফেডারেশনস কাপে। তবে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ১৯৯৪ সালের পর এই প্রথম ব্রাজিলের বিশ্বকাপ দলে নেই এর আগে বিশ্বকাপজয়ী কোনো ফুটবলার! ওয়েবসাইট।
ব্রাজিল দল
গোলরক্ষক: হুলিও সিজার (টরন্টো এফসি), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)৷
ডিফেন্ডার: দানি আলভেজ (বার্সেলোনা), মাইকন (রোমা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), ডেভিড লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিক (নাপোলি)৷
মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), হার্নানেস (ইন্টার মিলান), পাওলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), উইলিয়ান (চেলসি)৷
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিত), ফ্রেড (ফ্লুমিনেন্স), জো (অ্যাটলেটিকো মিনেইরো)৷