প্রথম ম্যাচে দুই দলই হেরেছে বলে আজকের ম্যাচটা তাদের জন্য বাঁচা-মরার। কিন্তু আমাজন বনের উষ্ণতার মতোই মানাউসের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দুই শিবিরেই যেন ছড়িয়ে দিয়েছে অস্বস্তির লু হাওয়া।
চমক দেখানোর স্বপ্ন নিয়ে ব্রাজিলে আসা ক্যামেরুনের শঙ্কা অধিনায়ক স্যামুয়েল ইতোকে নিয়ে। মেক্সিকোর কাছে ১-০ গোলে হারা ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত খেললেও শতভাগ ফিট ছিলেন না। মাঠে নামার ৯ মিনিটের মধ্যেই পুরোনো চোটটা মাথা চাড়া দিয়ে ওঠে৷ ব্যথা নিয়েই ৯০ মিনিট চালিয়ে গেলেও পরে আর অনুশীলনই করতে পারেননি। ক্রোয়েশিয়ার ম্যাচের আগে অসহায় ইতো ঈশ্বরের শরণাপন্ন, ‘প্রার্থনা করছি ঈশ্বর এমন অলৌকিক কিছু করুন, যাতে আমি সুন্দর দেশটার জন্য কিছু করার সুযোগ পাই। যদি সেটা না-ই হয়, বড় ভাই হিসেবে আমার তরুণ সতীর্থদের জেতার জন্য অনুপ্রাণিত করব।’
ক্রোয়েশিয়ার সমস্যাটা আবার অন্য রকম৷ ব্রাজিল ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ তো আছেই। ক্রোয়েশিয়া বিতর্কে জড়িয়ে পড়েছে গণমাধ্যমে খেলোয়াড়দের নগ্ন ছবি ছাপা হওয়ায়। ব্রাজিলে ক্রোয়াটদের বেসক্যাম্পের সুইমিংপুলে কয়েকজন খেলোয়াড়ের বস্ত্রহীন ছবি প্রথমে পোস্ট করা হয় অনলাইনে। সেখান থেকে সোমবার স্থান পায় দেশটির একাধিক পত্রিকায়। ক্রোয়েশিয়ায় বিতর্কের ঝড় বইছে। গণমাধ্যমের ভূমিকায় ক্রোয়েশিয়ার খেলোয়াড়েরাও ক্রুদ্ধ। গণমাধ্যমের সমালোচনা করে স্ট্রাইকার ইভিকা ওলিচ যেমন বলেছেন, ‘আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু এটা সত্যিই লজ্জার। আমরা এখানে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করতে এসেছি। সেরাটা ঢেলে দিয়ে আমরা ক্যামেরুনের সঙ্গে কঠিন ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছি, তখনই এই ধরনের ঘটনা ঘটল।’
ওলিচরা নিশ্চয়ই জয় দিয়ে এই বিতর্ক চাপা দিতে চাইবেন? এএফপি।

চোখ রাখুন
মুখোমুখি ক্যামেরুন–ক্রোয়েশিয়া
ম্যাক্সিম শুপো-মেতিং
গতি-ড্রিবলিংয়ে প্রথম ম্যাচে বেশ কয়েকবারই মেক্সিকোর রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন। চোট অধিনায়ক ইতোকে খেলতে না দিলে আজ মেইঞ্জের ২৫ বছর বয়সী স্ট্রাইকার ম্যাক্সিম শুপো-মেতিংই হয়ে উঠতে পারেন ক্যামেরুনের ত্রাণকর্তা।
মারিও মানজুকিচ
ক্রোয়েশিয়ার মারণাস্ত্র। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি। আজ দৃষ্টিটা থাকবে তাঁর ওপর। বিশ্বকাপ অভিষেকে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারও নিশ্চয়ই বিশেষ কিছু করতে চাইবেন।