কোস্টারিকার 'ফুসফুস' বোর্হেস

১৯৯০-এর ইতালি বিশ্বকাপ। বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে কোস্টারিকা পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে। সেবার কোস্টারিকার প্রাণভোমরা ছিলেন আলেক্সান্দ্রে গুইমারাস। ২৪ বছর পেরিয়ে ২০১৪ সালেও একই চিত্রনাট্য। ইতালি বিশ্বকাপে কোস্টারিকার নায়ক আলেক্সান্দ্রে এবার দর্শকের ভূমিকায় থাকলেও তাঁর জায়গা নিয়েছেন ছেলে সেলসো বোর্হেস। বাবা ছিলেন স্ট্রাইকার। আর ছেলে মাঝমাঠের সেনানী। প্রয়োজনে ওপরে উঠে সাহায্য করেন গোল করতে। নিচে নেমে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেও পিছপা হন না।
এই বোর্হেসই এবারের কোস্টারিকা দলের ফুসফুস। হল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে অনেকটা হুমকির সুরেই বললেন, কেউ যদি মনে করে শেষ আটে এসেই সন্তুষ্ট ‘টিকোস’রা, তো সেটা হবে মস্ত ভুল। ‘দলটা এখনো ক্ষুধার্ত। আমরা লক্ষ্যচ্যুত হইনি, স্বপ্ন থেকেও সরে যাইনি’—বলেছেন বোর্হেস। ফিফার হিসাবে টুর্নামেন্টে এ পর্যন্ত ৩৭৮ মিনিট খেলে তিনি দৌড়েছেন ৪৬.৩ কিলোমিটার। কিন্তু বোর্হেস সেটাকে গুরুত্ব না দিয়ে বলছেন, ‘এসব আমার খেলারই অংশ। আমি কোনো পরিসংখ্যানে যেতে চাই না। তবে গোল করাতে পারলে আমি আনন্দ পাই। রক্ষণভাগে প্রতিপক্ষের জায়গাটা ছোট করে দিতেও ভালো লাগে আমার।’
দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়ে কোস্টারিকা সালভাদরের মাঠে মুখোমুখি হবে হল্যান্ডের। আজ রাতে যদি তারা কমলা-বাধা পেরিয়েও যায়, সেটা খোদ কোস্টারিকা দলের জন্যও হবে বড় বিস্ময়ের। তবে বোর্হেসের কণ্ঠে নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা, ‘আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে আমরা নিজেদের বিপক্ষেই নিজেরা জিততে চাই। আমরা ইতিহাস গড়তে চাই। রিওতে আমরা বেড়াতে বা সৈকতে সময় কাটাতে আসিনি। ইয়াহু স্পোর্টস।