কোয়ান্টামের অনাথ জিমন্যাস্টদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এদের কারও নেই বাবা, কারও নেই মা। কিন্তু চোখে সবারই আছে স্বপ্ন। ছবি: প্রথম আলো
এদের কারও নেই বাবা, কারও নেই মা। কিন্তু চোখে সবারই আছে স্বপ্ন। ছবি: প্রথম আলো

বিখ্যাত ইরানি চলচ্চিত্র ‘দ্য কালার অব প্যারাডাইসে’র কিশোর মোহাম্মদের সঙ্গে একটা জায়গায় দারুণ মিল কীতংয়ের। পুরো নাম সাংখে অং খুমী কীতং। বান্দরবানের লামার পাহাড়ঘেঁষা কোয়ান্টাম কসমো স্কুলের নবম শ্রেণিতে পড়ে সে। প্রত্যেক গরমের ছুটিতে কীতংকে একবার করে দেখতে আসেন বাবা সিয়ং খুমী। ইরানি পরিচালক মাজিদ মাজিদির সিনেমার অন্ধ কিশোর মোহাম্মদকে তেহরানের বিশেষ স্কুলে ভর্তি করেছিলেন তার বাবা।

ইরানি ছবির মতোই বান্দরবানের রংছড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের কোয়ান্টাম স্কুলেও ছেলেকে ভর্তি করেছেন কীতংয়ের বাবা।

সিনেমার মোহাম্মদের মা নেই। বাস্তবের কীতংয়ের মা থেকেও যেন হারিয়ে গেছেন। কোয়ান্টাম কসমো স্কুলে যখন কীতং ভর্তি হলো, এর বছর দুয়েক পরই বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। শুধু কীতংই নয়, এই স্কুলের তনু রায়, মেন্টন টনি মুরং, সত্যজন ত্রিপুরা, নিঝুম লামাদের গল্পটাও প্রায় একই। কারও বাবা নেই। কারও নেই মা। এই অনাথ ছেলেরাই এবারের জাতীয় ও বয়সভিত্তিক জিমন্যাস্টিকসে চমক দেখিয়েছে। বয়সভিত্তিক প্রতিযোগিতার ৩৬টি ইভেন্টের মধ্যে ২৯টি পদকই জিতেছে কোয়ান্টাম কসমো স্কুলের পিতৃ-মাতৃহীন জিমন্যাস্টরা। এর মধ্যে ৯ টিতে জিতেছে সোনা। রুপা ও ব্রোঞ্জ জিতেছে ১০টি করে ইভেন্টে।

খো খো দিয়েই ২০০৯ সালে কোয়ান্টাম কসমো স্কুল খেলার জগতে পা রেখেছিল। এরপর একে একে হ্যান্ডবল, কাবাডি, আর্চারি, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকসের জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে এই বিদ্যায়তনটি। অন্য খেলার মতো জিমন্যাস্টিকসেও সাফল্য পেয়ে আসছে স্কুলটি। জাতীয় প্রতিযোগিতায় গতবারের বয়সভিত্তিক বিভাগে কোয়ান্টামের জিমন্যাস্টরা জিতেছিল ২২টি পদক। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ। এমন সাফল্যের পেছনের কারিগর কোচ কিশোর কুমার খীসা। কাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে দাঁড়িয়ে বলছিলেন, ‘এই ছেলেরা খুবই পরিশ্রমী। যা শেখাতে চায় সেটা দ্রুত শিখে ফেলে।’

শুরুর দিকে কোয়ান্টাম স্কুলকে কোচ দিয়ে সহযোগিতা করেছিল ফেডারেশন। ফ্লোরের ম্যাট, ভল্টিং টেবিল, প্যারালাল বারসহ সব মূল্যবান সরঞ্জামই ফেডারেশন সরবরাহ করেছে। কোচের শেখানোর পাশাপাশি জিমন্যাস্টদেরও রয়েছে বাড়তি আগ্রহ।

রোমানিয়ার নাদিয়া কোমানেচি বা যুক্তরাষ্ট্রের শন জনসনদের নাম কখনো শোনেনি কীতং। তবে টেলিভিশনে দেখা নাম না জানা অনেক জিমন্যাস্টের পারফরম্যান্সই মুগ্ধ করে ১৫ বছরের কিশোরকে। ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করে বড় ভাইয়েরা তাকে মুঠোফোনে দেখার সুযোগ করে দেন। এসবই কীতংয়ের ভালো পারফরম্যান্সের রহস্য। গতবার মাত্র একটি ব্রোঞ্জ জিতলেও এবার ফ্লোর ইভেন্ট ও প্যারালাল বারে সোনা জিতেছে। পদক দুটি গলায় ঝুলিয়ে কীতং বলছিল, ‘আমি একদিন অলিম্পিকে খেলতে চাই।’

মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে মনটা সারাক্ষণ খারাপ থাকে কীতংয়ের। কালও যেমন আনন্দের মুহূর্তে বারবার মায়ের প্রসঙ্গই তুলে আনছিল, ‘আমার মা খেলাধুলা খুবই ভালোবাসেন। এ জন্যই মায়ের কথা বেশি মনে পড়ে। মা জানে আমি কোয়ান্টামের স্কুলে পড়ি। খেলাধুলা করি। কিন্তু এই স্কুলটা কোথায় সেটাই জানে না। এ জন্য মা একবারও আমাকে দেখতে আসেনি।’

যে বয়সে জীবনটাকে উপভোগ করার কথা কীতংদের, সেই বয়সে ওরা বুকের ভেতরে পুষে রাখে প্রিয়জনদের থেকে দূরে থাকার অব্যক্ত যন্ত্রণা। পদকগুলো গলায় ঝুলিয়ে পুরস্কার বিতরণী শেষে যখন ছবি তোলার হিড়িক চলছে যখন, তখন প্রিয় মানুষ হারানোর বেদনা অল্প সময়ের জন্য হলেও কি মুছে গিয়েছিল ওদের স্বর্গীয় হাসিতে?