কৌশলী জোয়াকিম লো
কোচদের জন্য ব্যাপারটা নতুন কিছু নয়। টুর্নামেন্টের মাঝপথে একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে সফল হওয়া কোচ কম দেখেনি বিশ্বকাপ। পরশু মারাকানার কোয়ার্টার ফাইনালে জার্মানির কোচ জোয়াকিম লোর কৌশল বদলে দল সাজানোটা কাজে লেগে গেল। ১-০, ফলটা হয়তো দেখায় জয়টা কষ্টে-সৃষ্টে পাওয়া। কিন্তু কথা হলো ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচ দিয়েই কী সেরা দলীয় সমন্বয়টা খুঁজে পেলেন লো?
এই ম্যাচের আগে রক্ষণভাগ থেকে উঠিয়ে এনে ফিলিপ লামকে মাঝমাঠে এবং টমাস মুলারকে আক্রমণভাগে রেখে চারটি ম্যাচ খেলেছে জার্মানি। পরশু লো দল সাজালেন নতুন করে। অধিনায়ক লামকে ফিরিয়ে আনলেন রাইটব্যাকে। শুরুর একাদশে প্রথমবারের মতো একসঙ্গে নামালেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার, স্যামি খেদিরা ও টনি ক্রুসকে। আক্রমণভাগে প্রথাগত স্ট্রাইকার হিসেবে খেললেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপে নিজের ২২তম ম্যাচ খেলতে নেমে কোনো গোলের সুযোগ সৃষ্টি না করতে পারলেও কাজে লেগেছে তাঁর উপস্থিতি। ক্লোসা একাদশে আসতেই নিচে নেমে গেছেন মুলার। ফ্রান্সের রক্ষণভাগকে ব্যস্ত থাকতে হয়েছে ক্লোসাকে নিয়ে, এই সুযোগে ডান প্রান্ত থেকে উঠে এসে আক্রমণ শাণিয়েছেন মুলার।
রক্ষণভাগেও পরিবর্তন, পার মার্টেসেকারকে সরিয়ে লো দলে ফেরান জ্বর থেকে সেরে ওঠা ম্যাটস হামেলসকে। শুধু গোলটি করেই নয়, রক্ষণকাজও দারুণভাবে সামলে জার্মানির জয়ে নেতৃত্ব দিয়েছেন হামেলস।
পরিবর্তিত রণকৌশল কাজে লেগেছে, দল উঠে গেছে সেমিফাইনালে। জার্মান কোচ লোর কণ্ঠে তাই সন্তুষ্টি, ‘এই পরিবর্তনগুলোয় দলের কেউ অবাক হয়নি। আমাদের সব খেলোয়াড়কেই দরকার। আমার যখন মনে হবে পরিবর্তন দরকার আমি তখন সেটাই করব। প্রতি ম্যাচেই দলটা উন্নতি করছে।’
কৌশল পরিবর্তনের কারণটাও ম্যাচের পর খোলাসা করেছেন লো, ‘ফ্রান্সের খেলা বিশ্লেষণ করে আমরা বুঝেছিলাম ওদের দীর্ঘদেহী দুই ডিফেন্ডার ও মাঝমাঠের কাবাই ও পগবাকে পেরিয়ে মাঝ দিয়ে আক্রমণে ওঠাটা কঠিন হবে। তাই সিদ্ধান্ত নিলাম দুই পাশ দিয়ে আক্রমণে যাওয়ার। আর এ কারণেই লামকে উইংব্যাকে খেলিয়েছি। বিভিন্ন কৌশলে খেলে দেখিয়েছি কৌশলগতভাবে জার্মানি কতটা শক্তিশালী। ক্লোসাকে রুখতেই ওদের দুই ফুলব্যাক ব্যস্ত ছিল।’
পরশুর এই জয়েই প্রথম দল হিসেবে টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে উঠে গেল জার্মানি। পরশু, ৮ জুলাই বেলো হরিজন্তেতে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে খেলবে তিনবারের চ্যাম্পিয়নরা। এএফপি, রয়টার্স।