কেড়ে নেওয়া হলো মেওয়েদারের শিরোপা
ওয়াল্টারওয়েট ওয়ার্ল্ড বক্সিংয়ের শিরোপা হারালেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। না, রিংয়ে নতুন কোনো প্রতিপক্ষের কাছে হারেননি। নিয়ম না মানায় শিরোপাটি আমেরিকান বক্সারের কাছ থেকে কেড়ে নিয়েছে ওয়ার্ল্ড বক্সিং অর্গানাইজেশন (ডব্লুবিও)। গত ২ মে লাস ভেগাসে ফিলিপিনো ম্যানি প্যাকিয়াওকে হারিয়ে এই খেতাব জিতেছিলেন মেওয়েদার। এএফপি।
‘ফাইট অব দ্য সেঞ্চুরি’খ্যাত ওই লড়াই থেকে মেওয়েদারের ২২ কোটি মার্কিন ডলার আয় হয়েছে বলে খবর। ডব্লুবিওর নিয়মানুযায়ী, বিজয়ী বক্সারকে তাঁর আয়ের ৩ শতাংশ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্থাটিকে অনুমোদন ফি হিসেবে দেওয়ার কথা। এ হিসেবে মেওয়েদারকে গত শুক্রবারের মধ্যে ডব্লুবিওকে দুই লাখ ডলার দিতে হতো। কিন্তু তিনি তা করেননি। নিয়ম ভাঙার এখানেই শেষ নয়। একজন বক্সার নিয়মানুযায়ী একই সঙ্গে একাধিক ওজন শ্রেণির খেতাব রাখতে পারেন না। প্যাকিয়াওর সঙ্গে লড়াইয়ের আগেই মেওয়েদার ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডব্লুবিসি) এবং ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশনের (ডব্লবিএ) জুনিয়র মিডলওয়েটের চ্যাম্পিয়ন ছিলেন। ওয়াল্টারওয়েট বক্সিং শিরোপা জয়ের পর আগের দুটি শিরোপা পরিহারের পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। এ ব্যাপারেও মেওয়েদারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁর সর্বশেষ শিরোপাটি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত ডব্লুবিওর। অবশ্য এই সিদ্ধান্তের বিপক্ষে দুই সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন মেওয়েদার।