কেয়ার্নস ভারতের পক্ষে এবং বিপক্ষে!
এক দিকে ভারতকে পিষে মারার কথা বলছেন। আবার ভারতের হয়ে সাফাইও গাইছেন ক্রিস কেয়ার্নস!
বোঝাই যাচ্ছে, নিউজিল্যান্ডের সাবেক বিতর্কিত অলরাউন্ডারের ভারত বিরোধিতা মাঠের লড়াই নিয়ে। তবে মাঠের বাইরে আইসিসি নিয়ে তিন ‘জমিদারে’র বিস্ময়কর প্রস্তাবের ব্যাপারে ভারতকে অকুণ্ঠ সমর্থনই জানাচ্ছেন তিনি।
দ্রুতগতির বাউন্সি উইকেটে ওয়ানডে সিরিজে ভারতকে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। টেস্ট সিরিজেও ভারতকে একই রেসিপিতেই নাজেহাল করতে চাইছে কিউইরা। কেয়ার্নসেরও চাওয়া সবুজ উইকেট বানিয়ে ভারতকে বিধ্বস্ত করুক নিউজিল্যান্ড।
ওয়ানডে সিরিজের ফল সবাইকে চমকে দিয়েছে জানিয়ে কেয়ানর্স ক্রীড়া ওয়েবসাইট ‘স্টাফ ডট কম ডট এনজেড’-এ নিজের কলামে লিখেছেন, ‘জানুয়ারিতে ভারতের মতো দলের বিপক্ষে ৪-০ ফলের কথা বললে, অনেকে আপনাকে উন্মাদ বা পাগল বলত। কিন্তু আমরা সেটা পেরেছি।’
টেস্ট সিরিজের আগেও উত্তরসূরিদের নিয়ে একই রকম আত্মবিশ্বাসী ৪৩ বছর বয়সী কেয়ার্নস। শর্ত একটাই, উইকেট হতে হবে সবুজ, ‘এখন আমাদের মনোযোগ দিতে হবে দুই টেস্টের সিরিজে। খেলোয়াড়েরা মাঠে তাদের আকাঙ্ক্ষা এবং সাহস ওয়ানডে সিরিজে দেখিয়েছে। এখন বাউন্সি উইকেট বানিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটকে দেখাতে হবে খেলোয়াড়েরা ঠিক সে রকমই আছে।’
তবে দ্রুতগতির উইকেটে প্রতিপক্ষ পেসাররাও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে উত্তরসূরিদের সতর্কও করছেন ৬২ টেস্ট ও ২১৫টি ওয়ানডে খেলা কেয়ার্নস। বিশেষ করে অভিজ্ঞ জহির খানের নাম বলেছেন স্পষ্ট করেই।
বিরোধিতার ব্যাপারটা সরিয়ে রেখে কেয়ানর্স এরপর সেই ভারতের সাফাই গেয়েছেন। ‘বিগ থ্রি’র বিতর্কিত প্রস্তাবে এরই মধ্যে সম্মতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বোর্ডের অবস্থানকে সমর্থন করে কেয়ানর্স বলেছেন ‘বিগ থ্রি’র প্রস্তাব অনুযায়ী আর্থিকভাবে লাভবানই হবে নিউজিল্যান্ড, ‘আমি বিশ্বাস করি, এনজেডসি সদস্য মার্টিন স্নেডেন দেরি না করে ‘বিগ থ্রি’র পাশে দাঁড়ানোর যে কৌশল নিয়েছে, সেটা যথার্থ। বিশ্বে আর কোনো খেলা নেই, যেখানে সেটির বৈশ্বিক আয়ের ৮০ শতাংশের উৎসই একটি দেশ।’ ওয়েবসাইট।