কেয়ার্নসের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে বিস্ময়, তারপর ক্ষোভ। ক্রিস কেয়ার্নস এবার আইসিসিকে একেবারে ধুয়ে দিলেন। সাহস থাকলে সামনে এসে অভিযোগ তুলতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেয়ার্নস।

ম্যাচ পাতানোয় জড়িত সন্দেহে সাবেক তিন কিউই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এটা পুরোনো খবর। আইসিসি ও নিউজিল্যান্ড ক্রিকেটও বিবৃতি দিয়ে এর সত্যতা স্বীকার করেছে। অবশ্য এই দুই সংস্থার পক্ষ থেকে কারও নাম বলা না হলেও সংবাদমাধ্যমের বদৌলতে এখন সবাই জানে, আতশি কাচের নিচের থাকা তিন ক্রিকেটার কেয়ার্নস, লু ভিনসেন্ট ও ড্যারিল টাফি। এঁদের মধ্যে ভিনসেন্ট আইসিসিকে তদন্তে ‘সহযোগিতা’ করছেন বলে বিবৃতি দিলেও খবরটা শুনেই হতবিহ্বল হয়ে পড়েছিলেন কেয়ার্নস ও টাফি। আইসিসির বিরুদ্ধে উল্টো আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা। তবে কেয়ার্নসের ক্ষোভটা শুধু এতেও কমেনি। কাল ওয়েলিংটনভিত্তিক দৈনিক ডমিনিয়ন পোস্ট-এ লেখা এক কলামে আইসিসির উদ্দেশে কেয়ার্নস বলেছেন, ‘আইসিসি কিংবা নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে কেউ আমাকে তদন্তের ব্যাপারে কিছু বলেনি। তার পরও সন্দেহের তালিকায় থাকা তিন কিউই ক্রিকেটারের একজন হিসেবে আমার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আইসিসির পক্ষ থেকে আমাকে না জানানোর আগ পর্যন্ত কীভাবে সংবাদমাধ্যম এমন ভুল খবর প্রকাশ করে?’

কেয়ার্নসের ক্ষোভের আগুন তাই ছুটেছে সংবাদমাধ্যমের দিকেও, ‘আইসিসি আমার নাম বলেনি, নিউজিল্যান্ড ক্রিকেট বলছে ওরা গোপনীয়তা রক্ষা করছে। তাহলে সারা বিশ্বের খেলার পাতায় আর ইন্টারনেটে কীভাবে আমার ছবি ছড়াল? কে আমার নাম বলেছে এবং তাদের উদ্দেশ্য কী?’

আইসিসির বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ এনেছেন কেয়ার্নস, ‘ক্রিকেট মাঠে আমি কোনো দিন কিছু লুকাইনি, এখনো লুকাচ্ছি না। আমার বিরুদ্ধে অভিযোগকারীরা আমার নাম জানে, কিন্তু আমি ওদের নাম জানি না। ওরা নিজেদের লুকিয়ে রেখেছে। আশা করছি, যারা আমার সততা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের সাহস হবে আমার সামনে এসে বলার।’ ওয়েবসাইট।