কোচ আছেন, কিন্তু...
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের লক্ষ্য কী? বাংলাদেশের জার্মান কোচ পিটার গেরহার্ড একবাক্যে শেষ করেন উত্তর, ‘হংকংকে হারাব, এটা বলতে পারি।’হংকং ছাড়াও ‘বি’ গ্রুপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও জাপান। এই দলগুলোকে হারানোর স্বপ্ন দেখা বাংলাদেশের জন্য বাড়াবাড়ি। পরাজয়ের ব্যবধানটা কম রাখাই প্রকারান্তরে বাংলাদেশের লক্ষ্য!আগামী ১০ নভেম্বর চীনে যাচ্ছে বাংলাদেশ দল। তবে ঘোষিত দল নিয়ে সন্তুষ্ট নন কোচ পিটার, যার প্রতিফলন সংবাদমাধ্যমেও এসেছে। কাল এ ব্যাপারে সরাসরি কিছু বলতে না চাইলেও পরোক্ষভাবে অসন্তোষ লুকিয়েও রাখেননি পিটার, ‘দল নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে ফেডারেশন সভাপতি-সাধারণ সম্পাদককে জিজ্ঞাসা করুন। আমাকে নয়!’পিটার দলে চেয়েছিলেন জার্মানিতে প্রশিক্ষণ নেওয়া স্কোয়াডের সদস্য নিলয় ও মনসুরকে। কিন্তু এই দুজনকে দলে রাখেননি নির্বাচকেরা। অভিজ্ঞ ডিফেন্ডার আসাদুজ্জামানও (চন্দন) বাদ পড়েছেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল কবির (তুর্য)। স্ট্রাইকার মাকসুদ আলমের (হাবুল) পারফরম্যান্সে পিটার খুশি না হলেও মাকসুদ দলে আছেন। এসব কারণে ঘোষিত দল নিয়ে অসন্তুষ্ট জার্মান কোচ।হকিতে দল নির্বাচনের মূল দায়িত্ব নির্বাচক কমিটির। তবে কোচেরও ভূমিকা থাকে। সেই ভূমিকা রাখতে পারছেন না দাবি করে ক্ষুব্ধ পিটার বলছেন, কিছু বিষয় তিনি জানেন না। দল পুরোপুরি পছন্দ না হলে কোচ কাজ করবেন কীভাবে? প্রশ্ন আসছেই।জার্মানি সফরে যাওয়া দলের সঙ্গে একজন নির্বাচক যাওয়া উচিত ছিল মনে করেন অনেকে। এই দলে আছেন সাবেক হকি তারকা রফিকুল ইসলাম (কামাল), ‘শুনেছি কোচ জার্মান থেকে রিপোর্ট পাঠাত, আর তা দেখে ঢাকায় দল নির্বাচন হয়েছে। এটা ঠিক হয়নি। নির্বাচক কমিটির কারও জার্মানি যাওয়া দরকার ছিল। তাহলে দল নির্বাচনে সমন্বয় থাকত।’প্রধান নির্বাচক মামুনুর রশীদ বলেছেন, জার্মানি যাওয়ার ইচ্ছা থাকলেও তিনি যেতে পারেননি। কোচের পাঠানো প্রতিবেদনের ওপরই ভরসা রাখতে হয়েছে। ‘আমি কোচের গ্রেডিং অনুসারেই দল সাজিয়েছি। আমার কাছে তাঁর পাঠানো সব ই-মেল আছে। দল নির্বাচন স্বচ্ছ হয়েছে।’—দাবি মামুনুরের।যোগ করলেন আরও, ‘তুর্যের দলভুক্তির ব্যাপারে নির্বাহী সভায় প্রস্তাব তোলেন নির্বাচক আবদুল্লাহ পিরু। কোচ চেয়েছিলেন চন্দনকে, কিন্তু শৃঙ্খলাজনিত কারণে তাকে নেওয়া সম্ভব না বলে তুর্য বিবেচনায় এসেছে। কোচও জার্মানি থেকে ওর ব্যাপারে ভালো রিপোর্ট পাঠিয়েছে।’যুক্তি-পাল্টা যুক্তি যা-ই থাকুক, হকিতে কোচের প্রতি ফেডারেশনের কোনো সম্মানই তো নেই! ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলের কথা শুনুন, ‘পিটার চেয়েছিল দুই খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন দুজনকে নিতে। চাইলেই তো হবে না। আন্তর্জাতিক নিয়মকানুন হয়তো কোচ জানে না। এখন ও এসব বলছে রেজাল্ট খারাপ হলে যাতে কেউ ওর ওপর দোষ না দেয়!’