কোচ আসে কোচ যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডি বারলো (১৯৯৯-২০০১), ট্রেভর চ্যাপেল (২০০১-২০০২), মহসিন কামাল-আলী জিয়া (২০০২-২০০৩), ডেভ হোয়াটমোর (২০০৩-২০০৭), জেমি সিডন্স (২০০৭-২০১১), স্টুয়ার্ট ল (২০১১-২০১২), রিচার্ড পাইবাস(২০১২), শেন জার্গেনসেন (২০১২-২০১৪)
এডি বারলো (১৯৯৯-২০০১), ট্রেভর চ্যাপেল (২০০১-২০০২), মহসিন কামাল-আলী জিয়া (২০০২-২০০৩), ডেভ হোয়াটমোর (২০০৩-২০০৭), জেমি সিডন্স (২০০৭-২০১১), স্টুয়ার্ট ল (২০১১-২০১২), রিচার্ড পাইবাস(২০১২), শেন জার্গেনসেন (২০১২-২০১৪)

মিরপুর স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষ আর প্রেসবক্স পাশাপাশিই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে প্রায়ই সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন ওয়াসিম আকরাম। তেমনই এক আড্ডায় পেস কিংবদন্তি বলেছিলেন, ‘বাংলাদেশে তো কোনো কোচই বেশি দিন থাকে না।’ ডেভ হোয়াটমোর ও জেমি সিডন্সের মেয়াদ পূর্ণ করার কথা মনে করিয়ে দিলে আকরাম হেসে বলেছিলেন, ‘ওই দুজনেরটা ব্যতিক্রম, বেশ আগের ঘটনাও।’

এবার আর জবাব দেওয়ার মতো কিছু ছিল না। তিক্ত হলেও কথা তো সত্য! শ্রীলঙ্কার কোচ নিয়ে গত কিছুদিনে হইচই হলো বেশ। পল ফারব্রেস চলে যাওয়ার পর চার বছরের মধ্যে সপ্তম কোচের সন্ধানে নামতে হয়েছে শ্রীলঙ্কান বোর্ডকে। বাংলাদেশও কিন্তু এ ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই। বিসিবিকেও তো নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে চার বছরে চতুর্থবার!

টেস্ট যুগের প্রায় সাড়ে তেরো বছরে বাংলাদেশ পেয়েছে আটজন কোচ। সংখ্যাটা নিয়ে অবশ্য একটু ধন্ধ আছে। ক্রিকেট ইতিহাসে বিরল নজির গড়ে একসময় বাংলাদেশের প্রধান কোচ ছিলেন একসঙ্গে দুজন! মহসিন কামাল ও আলী জিয়া—এই দুজনকে ‘একজন’ কোচ ধরেই সংখ্যাটা ৮। আপত্কালীন কাজ চালিয়েছেন যাঁরা, তাঁদেরও হিসাবে নিলে সংখ্যাটা বাড়বে আরও। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সরওয়ার ইমরান ও অস্ট্রেলিয়ার শন উইলিয়ামস। একটি টেস্ট খেলুড়ে দেশের জন্য সংখ্যাটা চমকে ওঠার মতোই।

টেস্ট যুগের কোচ-অধ্যায়ের শুরুটাই হয়েছিল দুঃখজনকভাবে। ১৯৯৯ সালে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন এডি বারলো। সেই সময়ের বাস্তবতায় আদর্শ এক কোচ পেয়েছিল বাংলাদেশ। হঠাত্ আততায়ী হয়ে এল বারলোর ব্রেন স্ট্রোক। বাংলাদেশের অভিষেক টেস্টের সময় বারলোর সঙ্গী হুইলচেয়ার, কাগজে-কলমে বারলো কোচ থাকলেও দায়িত্বে ছিলেন সরওয়ার ইমরান। পরে নিজে কেঁদে, বাংলাদেশের ক্রিকেটকে কাঁদিয়ে ফিরে যেতে হয় বারলোকে।

এর পর থেকে কোচ নিয়ে বিচিত্র সব অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, যার বেশির ভাগই বলা যায় তিক্ত। কখনো কখনো পারিপার্শ্বিক বাস্তবতা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, অনেক ক্ষেত্রে দায়টা ছিল বিসিবির। ট্রেভর চ্যাপেলের মেয়াদজুড়েই যেমন কৌতূহল ছিল তিনি প্রধান কোচ না ফিল্ডিং কোচ! চ্যাপেল ভাইদের ছোটজনের টেস্ট দলের মূল কোচ হওয়ার যোগ্যতা নিয়েই ছিল সংশয়। কোচ বদলে এরপর পরিস্থিতি হলো আরও খারাপ। পরের কোচের (বা কোচ জুটি) ক্ষেত্রে সংশয় শব্দটিও বলার প্রয়োজন নেই। দুই পাকিস্তানি মহসিন কামাল ও আলী জিয়ার টেস্ট দলের মূল কোচ হওয়ার যোগ্যতা ছিল না নিশ্চিতভাবেই। তাঁরা দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যায়, ২০০৩ বিশ্বকাপে চরম ব্যর্থতা যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে মাত্র।

পরের দুই কোচ ডেভ হোয়াটমোর ও জেমি সিডন্সই শুধু মেয়াদ পূর্ণ করতে পেরেছেন, চুক্তি নবায়ন করে দুজনই দায়িত্বে ছিলেন চার বছর করে। ২০০৭ বিশ্বকাপের পরপর ভারতের বিপক্ষে সিরিজ শেষে হোয়াটমোর বিদায় নেন। বিসিবি তাঁকে আর রাখত কি না, এই প্রশ্ন ওঠার সুযোগ পায়নি। কারণ হোয়াটমোর তখন ভারতের কোচ হওয়ার স্বপ্নে বুঁদ। দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপের ব্যর্থতার পর জেমি সিডন্সকে আর রাখেনি বাংলাদেশ, যদিও তাঁর ইচ্ছে ছিল থেকে যাওয়ার।

এর পর থেকেই কোচ আসা-যাওয়ার পালা চলছে। দায়িত্ব নেওয়ার নয় মাস পরই স্টুয়ার্ট ল ‘পারিবারিক’ কারণে ফিরে যান এই অস্ট্রেলিয়ান। রিচার্ড পাইবাস-অধ্যায় আরও সংক্ষিপ্ত। মাত্র সাড়ে চার মাস। তিক্ততায় ভরা সেই বিচ্ছেদের পর বিসিবির বিরুদ্ধে অনেক অভিযোগও তুলেছিলেন তিনি।

ল ও পাইবাসের সহকারী হিসেবে কাজ করা শেন জার্গেনসেনও এবার ছেড়ে দিলেন ক্ষোভ আর অভিমান থেকে। তাঁর মান ভাঙাতে না পারলে নতুন একজন কোচ পাওয়া সহজ হবে না বাংলাদেশের জন্য। জীবনযাত্রায় বড় পার্থক্যের জন্য বাংলাদেশে দীর্ঘ সময়ের জন্য আসতে চান না ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো দেশের কোচরা। এখনকার আরেকটি বড় বাস্তবতা আইপিএল। সেখানে দেড়-দুই মাস পিকনিক মুডে কাজ করেই বড় অঙ্কের পারিশ্রামিক পেয়ে যাচ্ছেন কোচরা, বছরজুড়ে খাটুনির কাজ কেন করবেন! টম মুডি, স্টিভেন ফ্লেমিং, মাইকেল বেভানের মতো কোচরা তাই আন্তর্জাতিক দলের দায়িত্ব নিতে আগ্রহীই নন।

সব বাস্তবতা মিলিয়ে বিশ্বকাপের আগেই আরেকটি বড় যুদ্ধে নামতে হচ্ছে বাংলাদেশকে। কোচ খোঁজার যুদ্ধ!