কোচ ওয়াকারের শেষ টেস্ট
পাকিস্তান ৮: ২ জিম্বাবুয়ে। ১৪ টেস্টের লড়াইয়ে দুই দলের জয়ের পরিসংখ্যান। বাকি চারটি টেস্ট ড্র হয়েছে। পরিসংখ্যানের হিসাবে পাকিস্তান নিরঙ্কুশ ফেবারিট।বাস্তবেও। প্রায় ছয় বছরের বিরতির পর মাত্রই টেস্টে ফিরেছে জিম্বাবুয়ে। আর পাকিস্তান দল তো সব সময়ই ক্রিকেট-বিশ্বের পরাশক্তিগুলোর একটি। কিন্তু আগামী বৃহস্পতিবার বুলাওয়েতে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে পাকিস্তান দলের মোটেই ফেবারিট বলে আত্মতৃপ্তিতে ভোগার মতো অবস্থা নয়।সেটাও যৌক্তিক কারণে। এক. তারুণ্যনির্ভর দল নিয়ে জিম্বাবুয়ে সফর করছে পাকিস্তান। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বাট, আমির, আসিফ নিষিদ্ধ। বোর্ডের ওপর অভিমান করে অবসরে যাওয়ায় দলে নেই শহীদ আফ্রিদিও। মোহাম্মদ ইউসুফকেও দলে ডাকা হয়নি। আর বিশ্রামে রাখা হয়েছে ওয়াহাব রিয়াজ, উমর গুলের মতো পরীক্ষিত বোলারকে। পরে শোয়েব মালিককে দলে নেওয়া হলেও পাকিস্তানের এই দলটিকে তারুণ্যনির্ভরই বলা যায়। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও তাই ভালোই পরীক্ষা দিতে হবে। দুই. টেস্ট ক্রিকেটে ফিরেই বাংলাদেশকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারিয়ে দারুণ উজ্জীবিত জিম্বাবুয়ে। হারানোর কিছু নেই মন্ত্রে উজ্জীবিত তারা। তাই দেশ ছাড়ার আগেই ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না’ বলে নিজের দলকে সতর্ক করেছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক।একটা প্রেরণাও অবশ্য খুঁজে নিচ্ছেন মিসবাহ। পাকিস্তানের কোচ হিসেবে ওয়াকার ইউনুসের এটিই শেষ সিরিজ। কোচকে বিদায়ী উপহার হিসেবে জয়ের চেয়ে ভালো আর কী হতে পারে! মিসবাহ তাই দেশ ছাড়ার সময়ই বলেছেন, ‘এই সফরের পরই তিনি যাচ্ছেন, এই খবরে হতভম্ব হয়ে পড়েছিলাম আমরা। তবে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই আমরা। আমরা ভালো খেলে কোচের জন্যই সিরিজ জিততে চাই।’ স্কোয়াডে ঠাঁই পাওয়া তরুণদের প্রতিও আস্থা পাকিস্তান অধিনায়কের, ‘সফরের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং দলের সবাই আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য মুখিয়ে আছে। তাই আমি নিশ্চিত, সিরিজে ভালোই করব আমরা।’একটি টেস্ট ছাড়াও সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলবে পাকিস্তান। ৮, ১১ ও ১৪ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ১৬ ও ১৮ সেপ্টেম্বর। ক্রিকইনফো ও ওয়েবসাইট।