কোচ ছাঁটাইও একটা খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি ‘আ’ ফুটবল কোচদের জন্য বধ্যভূমি। ২০০৪ থেকে ২০০৭—এই তিন বছরে এক ফ্রান্সেকো গুইদোলিন চার দফায় পালের্মোর কোচ হিসেবে নিয়োগ আর ছাঁটাই হয়েছিলেন! কোচের চাকরি মন্ডা-মিঠাইয়ের মতো খেয়ে ফেলা ইতালিয়ান লিগের সর্বশেষ শিকার ডেভিডে বলার্দিনি। গত রোববার ক্যালিয়ারির কোচের পদ থেকে ছাঁটাইয়ের শিকার হলেন এই কোচ। মাত্র চার মাস টিকেছিল চাকরি। ২০ দলের ইতালিয়ান শীর্ষ লিগে বলার্দিনি এই মৌসুমে চাকরি হারানো ১৫ নম্বর কোচ!কোচ ছাঁটাইয়ের ব্যাপারে এমনিতেই বেশ ‘সুনাম’ আছে ক্যালিয়ারি প্রেসিডেন্ট মাসিমো সেলিনোর। এদিক দিয়ে তিনি রোমান আব্রামোভিচেরও গুরু। গত আগস্টের পর সাত মাসে এই নিয়ে তিন-তিনজন কোচকে ছাঁটাই করলেন সেলিনো!প্রথমে দায়িত্বে ছিলেন ইতালি জাতীয় দলের সাবেক কোচ রবার্তো ডোনাডুনি। মৌসুম শুরুর আগেই ছাঁটাই। এরপর মাসিমো ফিক্কাদেন্তি। তিনিও টিকলেন নভেম্বর পর্যন্ত। বলার্দিনি কিন্তু দায়িত্ব নিয়ে ভালোই করছিলেন। ১৬টি লিগ ম্যাচের চারটি জয়, ছয়টি ড্র—ক্যালিয়ারির মতো সাধারণ মানের দলের জন্য ভালো সাফল্যই বলতে হবে। আসলে গত তিন ম্যাচে হার; সর্বশেষ ম্যাচটায় নাপোলির কাছে ৬ গোল খাওয়াতেই হলো চূড়ান্ত সর্বনাশ! এএফপি।