কোচ ছাড়াই বার্সেলোনা যাচ্ছেন মাহফিজুররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছেন মাহফিজুর রহমান (সাগর), অনীক ইসলাম ও পাপিয়া আক্তার। ২২ জুলাই স্পেন যাবেন তিন সাঁতারু।

১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বার্সেলোনায় হবে ১৫তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সাঁতার ফেডারেশনের অবহেলা ও অজ্ঞতার কারণে নাম নিবন্ধনের সময়সীমা পার হয়ে গিয়েছিল। কিন্তু গত সপ্তাহে বিষয়টা জানতে পেরে তড়িঘড়ি করে ফিনায় (আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন) যোগাযোগ করেন কর্মকর্তারা। ফিনা বিশেষ ব্যবস্থায় তিন সাঁতারুর নাম নিবন্ধন করেছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের তিন সাঁতারুকে যেতে হবে কোচ ছাড়াই।

সফরসঙ্গী হিসেবে বার্সেলোনা যাচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক মোল্লা বদরুল সাইফ। কোচ হিসেবে যাচ্ছেন এই বদরুল সাইফ। কিন্তু সাঁতার কোচ হওয়ার কোনো যোগ্যতাই তাঁর নেই। নেই সাঁতার কোচিংয়ের ওপর কোনো কর্মশালা করার ন্যূনতম অভিজ্ঞতাও। অথচ গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কোনো এক রহস্যবলে যাচ্ছেন সাঁতারুদের সঙ্গে কোচের পদবি নিয়ে! নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, ‘উনি তো সাঁতারের কয়টি ইভেন্ট, সেটাই ঠিকমতো বলতে পারেন না।’

কোচ ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা অবশ্য এই প্রথম নয় মাহফিজুরের। এর আগে সিঙ্গাপুরে যুব অলিম্পিক ও যুব এশিয়ান সাঁতারে কোচ, ম্যানেজার কেউই ছিল না তাঁর সঙ্গে। এসব নিয়ে তাই ভাবছেন না বাংলাদেশ গেমসের সেরা অ্যাথলেট, ‘এমন অভিজ্ঞতা আগেও হয়েছে। কোথাও গেলে আমি নিজেই উদ্যোগী হয়ে অনুশীলন করেছি। তবে একজন কোচ সঙ্গে গেলে তো খুবই ভালো হয়।’

আন্তর্জাতিক দুটি টুর্নামেন্ট সামনে। অথচ এখন পর্যন্ত কোনো সাঁতার ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেয়নি ফেডারেশন। ১৬-২৪ আগস্ট চীনের নানজিংয়ে দ্বিতীয় যুব এশিয়ান গেমসে অংশ নেওয়ার কথা বিকেএসপির আসিফ রেজা ও নৌবাহিনীর নাজমা খাতুনের।