কোচ ছাড়াই শ্যুটারদের ইরান-যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রারও কোচ আছে। যত বড় শ্যুটারই হোন না কেন, শ্যুটিংয়ে কোচ এখন একটা অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। অথচ বাংলাদেশের শ্যুটাররা কোচই পাচ্ছেন না! শ্যুটিং ফেডারেশন কোচের ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখছে না। কাল রাতে চারজন শ্যুটার এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তেহরান গেলেন কোচ ছাড়াই। ২০-২৬ অক্টোবর পর্যন্ত ষষ্ঠ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ওই চার শ্যুটারকে ভালো-মন্দ দেখিয়ে দিতে কোনো কোচ থাকবেন না। দলের সঙ্গে কোচ না পাঠানোর কারণ হিসেবে শ্যুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইশফাক আহমেদ বললেন, ‘ফান্ড শর্টেজ। কাজেই ইচ্ছা থাকলেও কোচ পাঠানো গেল না।’
অথচ আগের চেয়ে ভালোভাবে শ্যুটিং পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান কমিটি নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছিল শ্যুটিং ফেডারেশনের। অর্থ সংগ্রহ করা তাদের অন্যতম কাজ। কিন্তু ‘টাকা নেই’ দোহাই দিয়ে চলছে আগের মতোই। আরও অবাক করা ব্যাপার, চারজন শ্যুটারের মধ্যে শুধু আবদুল্লাহেল বাকি ও শারমিন আক্তারের খরচ দিচ্ছে ফেডারেশন। জসিমুজ্জামান হিমেলকে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব এবং সাদিয়া সুলতানার খরচ দিচ্ছে চট্টগ্রাম রাইফেল ক্লাব। চারজন শ্যুটারকে নিজস্ব খরচে পাঠানোরও সামর্থ্য নেই শ্যুটিং ফেডারেশনের! তবে কোচ না থাকলেও দলের সঙ্গে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সদস্য খালেদ হায়দার খানকে ম্যানেজার করে পাঠানো হচ্ছে।
ফেডারেশনের কেন এই আর্থিক দৈন্য? এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ ফোন ধরেননি। যুগ্ম সম্পাদক ইশফাক আহমেদ কোচ পাঠাতে না পারাকে প্রকারান্তরে ‘হ্যাঁ, ব্যর্থতা বলতে পারেন’ বলে স্বীকার করলেন। সঙ্গে যুক্তি দিলেন, ‘এসব শ্যুটারকে আসলে এখন তো আর দেখানোর কিছু নেই।’
ইশফাকের আরও ব্যাখ্যা, ‘আমাদের তো সীমাবদ্ধতা আছে। তার পরও একের পর এক প্রোগ্রাম চলছে। আমরা সবই করছি।’ কিন্তু ঘটনা হলো, শ্যুটিং ফেডারেশন আর্থিকভাবে ধুঁকছে। ফেডারেশনের হলঘর নন্দনের কাছে আগের কমিটি কেন ভাড়া দিয়েছে, এ নিয়ে মামলা করেছে আরেক পক্ষ। সেই মামলা ঝুলে আছে। হলঘর ভাড়া দেওয়ার বিপক্ষে বর্তমান কমিটি। কাজেই অর্থ জোগানের উৎসমুখটা বন্ধ। ৫০ মিটার রেঞ্জ সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া অর্জিত সামান্য টাকা দিয়েই এখন শ্যুটিং চলছে।
শ্যুটিংয়ের মতো সম্ভাবনাময় খেলার এমন আর্থিক সীমাবদ্ধতা খেলাটির ভবিষ্যৎ পথচলাকে বাধাগ্রস্ত করছে। ১০ মিটারে বর্তমান দেশসেরা আবদুল্লাহেল বাকি বললেন, ‘কোচ ছাড়া যাচ্ছি, একটু তো সমস্যা হতেই পারে।’ পরক্ষণে আশাবাদী থাকতে চাইলেন, ‘ম্যানেজার যেহেতু শ্যুটিংয়ে সঙ্গে যুক্ত আছেন, আগে শ্যুটিং করতেন, আশা করি ভালোভাবেই প্রতিযোগিতায় অংশ নিতে পারব।’
আবদুল্লাহেল বাকির অনুশীলন স্কোর বেশ ভালো, পদকের আশা করছেন তিনি। দেখা যাক, কোচবিহীন এই শ্যুটাররা কত দূর কী করতে পারেন তেহরানে।