কোচ ছাড়াই কারাতের ক্যাম্প
দিল্লিতে ২০১৩ সালে অনুষ্ঠেয় এসএ গেমসের জন্য কোনো কোচ ছাড়াই ১২ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করতে যাচ্ছে কারাতে ফেডারেশন। গত এসএ গেমসে ৪টি সোনা জিতেছিল কারাতে দল। কিন্তু এই সাফল্য আগামী গেমসে ধরে রাখা যাবে কি না সংশয় রয়েছে কারাতেকাদের মধ্যেই। কোচই প্রধান সমস্যা বলে মনে করছেন গত এসএ গেমসে সোনাজয়ী হাসান খান, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কোচ। গত এসএ গেমসে আমাদের দায়িত্বে ছিলেন জাপানের মাতাউসি কাগাউয়া। এই বিশ্বমানের কোচের ছোট ভাইও জাপান জাতীয় দলের কোচ। দুই ভাইয়ের সহযোগিতায় জাপান জাতীয় দলের মতোই অনুশীলন করতাম। গত সাফ গেমসে আমাদের ভালো হয়েছিল এঁদের কারণেই।’কাগাউয়া জাইকার স্বেচ্ছাসেবী কোচ। গত মার্চে তিনি ঢাকা ছেড়েছেন। এরপর থেকেই কারাতে ফেডারেশন পড়ে রয়েছে কোচ বিহীন। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী আহসান জানালেন, ইরান থেকে একজন কোচ আনার চেষ্টা চলছে, ‘আমাদের তেমন আর্থিক সামর্থ্য নেই। এ জন্য বিনা পয়সায় জাইকার কোচ আনার চেষ্টা করব। জাপানি কোচ না পেলে ইরান থেকে কোচ আনতে পারি।’ কারাতের জন্য দুঃসংবাদ, গত এসএ গেমসে দুটি সোনাজয়ী জ উ প্রুর ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা কম। দুই শিশুসন্তান নিয়ে বান্দরবানে ঘরকন্নায় ব্যস্ত জ উ। কাল বললেন, ‘এখনো ফেডারেশন থেকে কোনো চিঠি পাইনি। পেলে পরিবারের সবার সঙ্গে আলাপ করে ভেবে দেখব ক্যাম্পে আসব কি না।’