কোচ জানতেনই না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার পিস্টোরিয়াসের জীবনটাই বিস্ময়কর সব ঘটনার পাণ্ডুলিপি। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে জড়িয়ে আছে অনেক বিস্ময়। এবার জানা গেল তেমনই এক অজানা তথ্য। শুরুতে কোচ জানতেনই না তাঁর ছাত্রটির কোনো পা নেই। এটা তিনি জেনেছেন ছয় মাস পর! ঘটনাটা পিস্টোরিয়াসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যাত্রা শুরুর সময়কার। এত দিন পর সেই অজানা গল্পটা জানিয়েছেন তাঁর কোচ জেনি ব্রুকসই। ইতিহাসের প্রথম দুই পা-হীন অ্যাথলেট হিসেবে পিস্টোরিয়াস অংশ নিতে যাচ্ছেন সক্ষমদের অলিম্পিকে। তাঁর সঙ্গে কোচ ব্রুকসও তাই লন্ডনে। ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াসের সঙ্গে ব্রুকস কাজ করছেন শুরু থেকেই। সেও প্রায় এক দশক হলো।শুরুর সেই সময়কার স্মৃতিচারণা করে ব্রুকস বলেছেন, ‘সে আমার সঙ্গে ছয় মাসের মতো কাজ করার আগে আমি জানতামই না, ওর পা নেই...কারণ সে অন্য ছেলেদের মতো একই গতিতেই সবকিছু করত। কোনো অনুশীলন নিয়েই ও কোনো অজুহাত দিত না। সে এটা মসৃণভাবেই করত। মনে আছে, সে যখন শুরুটা করেছিল, তখন ছিল শীত। কাজেই তারা ট্র্যাকশ্যুট পরত। আমরা কঠোর এবং বিস্ফোরক অনুশীলন করতাম...আমরা একবারে শুধু একটা অনুশীলনই করতাম এবং সে অন্য ছেলেদের মতো সর্বোচ্চ সীমায় যেতে পারত না। আমি তাকে আরও কিছুটা দূরে যেতে বলতাম এবং সে আমাকে বলত, “শোনেন, আমি সামর্থ্যের সর্বোচ্চটাই করছি।” আমি বলতাম কেন এবং সে বলত, “এটাই আমার জীবনের গল্প”।’ পরে সত্যিটা জানার পর বিশ্বাসই করতে পারেননি কোচ, ‘আমি বিশ্বাসই করতে পারছিলাম না!’তবে সেসবই অতীতের গল্প। বিস্ময়কে মাটিচাপা দিয়ে পিস্টোরিয়াস এখন সক্ষমদের অলিম্পিকে পদক জয়েরও স্বপ্ন দেখেন। তাঁর কোচ এবং বাবা হেঙ্কে পিস্টোরিয়াস মনেপ্রাণে বিশ্বাস করেন, পিস্টোরিয়াস পদক পেয়েও যেতে পারেন। ৪০০ ও ৪০০x৪০০ মিটার রিলেতে অংশ নেবেন পিস্টোরিয়াস। তার আগে তাঁর বাবার শুভকামনা, ‘বাছাই পেরিয়ে অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করাটাই ওর জন্য বিস্ময়কর ব্যাপার। ওর ভালো সুযোগ আছে।’