কোচ ডি ক্রুইফও স্তম্ভিত!

ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলন শেষে এই প্রতিবেদকের পাশ দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ। কী ব্যাপার, আপনার দল এমন খেলল কেন? শরীরী ভাষায় এমনটা বোঝানোর পর ডাচ কোচ ক্ষুব্ধ হয়ে উঠলেন। ‘ইউ কুড ডু বেটার? ইউ কুড ডু বেটার?’ বার তিনেক একই বাক্য আওড়ে চলে গেলেন বিষণ্ন ডি ক্রুইফ।
বাংলাদেশ কোচ পরিষ্কারই বোঝালেন, এর চেয়ে ভালো কিছু কোনো কোচ করতে পারবেন না। তাহলে প্রশ্ন আসছেই, এত অনুশীলন, এত ভিডিও সেশন, এত কিছুর প্রতিফলন কই?
নেপালের কাছে ২-০ হার। অষ্টম সাফের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়ে হারলে কোনো কথা ছিল না। কিন্তু মাঠে তো লাল-সবুজের প্রতিনিধিদের খুঁজেই পাওয়া কঠিন হয়ে পড়ল!
কেন? সমস্যাটা কোথায় ছিল? ডি ক্রুইফের জবাব, ‘আমি এত দিন শিখিয়েছি, তার কিছুই ওরা মাঠে বাস্তবায়ন করতে পারেনি। আমি বলেছিলাম, কর্নার এলে দ্বিতীয় বারে একজন থাকবে বল ক্লিয়ার করতে। কিন্তু কেউ ছিল না সেখানে। তাই গোল খেলাম আমরা।’
৩১ মিনিটের মধ্যে ২০ হাজারেরও বেশি দর্শকের সামনে দুই গোলে পিছিয়ে পড়া মানে মনোবল শেষই। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা মনে মনে হয়তো করছিলেন ডি ক্রুইফ। কিন্তু দল যেখানে ভালো খেলছিল না, কোচ আর কী করবেন!
সেটিই বলছিলেন ডি ক্রুইফ, ‘এমন পরিস্থিতিতে আমাদের ভালো খেলা উচিত ছিল। ম্যাচে ফেরার সময় হাতে পেয়েছিলাম আমরা। কিন্তু খেলোয়াড়েরা এভাবে ব্যর্থ হওয়ার পেছনের কারণ কী, সেটির ব্যাখ্যা আমার কাছে নেই।’
হারের কারণ খুঁজে ফিরছেন কোচ, রাতে হয়তো সেসব নিয়ে ভাববেন। কিন্তু আসল কথা হলো, বাংলাদেশের খেলোয়াড়েরা মাঠে ফুটবল খেলতে নেমেছেন, সেটি বোধ হয় ভুলেই গিয়েছিলেন তাঁরা! এই ছন্নছাড়া ফুটবল দেখে হতাশ বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ম্যাচের পর এমন জঘন্য হারের একটা কারণ তুলে আনলেন নিজ থেকেই, ‘ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই দেখা গেল, খেলোয়াড়েরা পড়ে যাচ্ছে। তার মানে, মাঠের সঙ্গে মানানসই বুট ওদের পরা উচিত ছিল।’ ক্ষোভ আর আক্ষেপ নিয়ে আজই দেশে ফিরে যাবেন, দশরথ স্টেডিয়াম ছাড়ার সময় জানিয়ে গেলেন নিজের এই সিদ্ধান্তও।
বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার অঙ্কের হিসাব হয়তো আছে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিতলে সুযোগ নিশ্চয়ই থাকবে। শেষ চেষ্টা হিসেবে ওই দুটি ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা ডি ক্রুইফের, ‘আমি পেশাদার কোচ। সুযোগ যেহেতু এখনো আছে সেমিতে যাওয়ার, কাজেই আমি আশা ছাড়ব কেন?’
খেলোয়াড়দের নিয়ে ভুলগুলো বিশ্লেষণই হয়তো এখন বাংলাদেশ কোচের সবচেয়ে বড় কাজ। উজ্জীবিতও হয়তো করার চেষ্টা করবেন। কিন্তু বাস্তবতা এই, হোসে মরিনহো কোচ হয়ে এলেও মনে হয় না বাংলাদেশ ভালো কিছু করতে পারবে।
এই ফুটবল খেলতে আসলে কোচ লাগে না। একটা চূড়ান্ত পাস দেওয়ার ক্ষমতা নেই! কোচ শেখানোর পর যদি সবই খেলোয়াড়েরা ভুলে যান মাঠে, তবে কী ব্যাখ্যা দেবেন কোচ?
জাহিদ দুই দল থেকে টাকা নিয়ে (প্রায় ৪০ লাখ টাকায় শেখ রাসেলে থাকছেন) ঘরোয়া ফুটবলে দলবদলের নাটক তৈরি করেছেন। মাঠে তিনি কিনা ধারহীন তলোয়ার! একটা চূড়ান্ত পাস দেওয়ার ক্ষমতা নেই। গোটা দলই তো কাল কোনো চূড়ান্ত পাস বের করতে পারেনি।
স্বীকার করতেই হবে, নেপাল উজ্জীবিত ফুটবল খেলেছে। এমন জয় তাদের প্রাপ্যই। নেপালের কোচ জ্যাক স্টিফানোস্কি তাই খুশি, ‘এর চেয়ে ভালো শুরু আর হতে পারত না।’
দশরথ স্টেডিয়ামে নেপালের সমর্থকদের আনন্দ-উল্লাস তাই যেন ধরছিল না রাত ১০টায়ও। ৩০০ টাকার টিকিট দুই হাজার টাকায় কিনে পয়সা উশুল নেপালিদের। আর মনে হচ্ছে, বাংলাদেশের খেলোয়াড়দের পেছনে সব খরচই যাচ্ছে বৃথা!