কোচ-নির্বাচকদের ভাগ্য নির্ধারণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ এপ্রিল শেষ হয়ে যাবে রফিকুল আলমের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ। কোচ জেমি সিডন্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। নতুন নির্বাচক কমিটি ও নতুন কোচ—বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভায় আলোচনা হবে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে।বিভিন্ন সূত্রে যা আভাস, দুই জায়গাতেই পরিবর্তন হচ্ছে। বর্তমান নির্বাচক কমিটির সদস্য আকরাম খানকে প্রধান নির্বাচক করে নতুন কমিটি করার চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে নাকি কথাও বলা হয়েছে আকরাম খানের সঙ্গে। বর্তমান প্রধান নির্বাচক রফিকুল আলম থাকছেন না, আরেক নির্বাচক জাহিদ রাজ্জাকও নয়। তাঁদের পরিবর্ত হিসেবে নাম শোনা যাচ্ছে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মিনহাজুল আবেদীন, সেলিম শাহেদ এমনকি বর্তমান কমিটি থেকে পদত্যাগ করা নাঈমুর রহমানেরও।৩০ জুন পর্যন্ত মেয়াদ থাকলেও চলতি অস্ট্রেলিয়া সিরিজ শেষেই বাংলাদেশ পর্ব শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা সিডন্সের। সে ক্ষেত্রে নতুন কোচ খোঁজার সিদ্ধান্ত হতে পারে আজ। এ ছাড়া কোচিং স্টাফের অন্য সদস্যদের মেয়াদ বাড়ানোর ব্যাপারেও আলোচনা হবে। জানা গেছে, ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন এবং ট্রেনার গ্রান্ট লুডেনের চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।অতীত অভিজ্ঞতা অবশ্য বলছে, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের সভাতেই কোনো সিদ্ধান্তে নাও পৌঁছাতে পারে বোর্ড। এসব বিষয়ে প্রাথমিক কাজ সারার দায়িত্ব হয়তো টেকনিক্যাল কমিটিকেই দেওয়া হবে।আজকের সভার ১৭টি আলোচ্য বিষয়ের মধ্যে আরও আছে বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন ও হিসাব-নিকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়।