কোচ বদলেই সুফল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ বদলে তা হলে কাজ হচ্ছে! না, এখনই এটা বলা যাচ্ছে না যে হতাশা পেছনে ফেলে স্বরূপে ফিরছেন ফেদেরার। তবে নতুন কোচ পল আনাকোনের অধীনে জয় দিয়েই শুরু করলেন সর্বকালের সেরা তারকা। ছয় সপ্তাহ বিরতির পর পরশু কোর্টে নেমেই জয় পেয়েছেন ফেদেরার। আর্জেন্টাইন হুয়ান ইনাসিও চেলাকে হারিয়ে পৌঁছে গেছেন কানাডার টরন্টো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে। ফেদেরার জিতেছেন টরন্টোতে। ওহিওর সিনসিনাটি ওপেনে জিতেছেন মারিয়া শারাপোভা। প্রথম রাউন্ডের ম্যাচেই তিনি হারিয়ে দিয়েছেন তাঁরই স্বদেশি সভেৎলানা কুজনেৎসভাকে। ১০ মাসের হতাশা মুছে আগের টুর্নামেন্টেই (ব্যাংক অব ওয়েস্ট ক্লাসিক) শিরোপা জিতেছিলেন যিনি।ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়—বছরটা দুর্দান্তই শুরু করেছিলেন ফেদেরার। কিন্তু কী যে হলো, তারপর থেকেই তাঁর র‌্যাকেটে ভাটার টান। পরে শিরোপা দূরে থাক, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালেই।নিজের এমন দুঃসময় নিজেই মানতে পারছিলেন না সুইস তারকা। নিজেকে নতুন করে ফিরে পাওয়ার আশায় কদিন আগেই কোচ বদলে নতুন কোচ করেছেন পল আনাকোনেকে। সেই আনাকোনে, কিংবদন্তি পিট সাম্প্রাসের কোচ ছিলেন যিনি। আনাকোনের অধীনে কাজ কদিন আগেই শুরু করলেও আনুষ্ঠানিক ফলটা পেলেন পরশু।বাছাই হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে ফেদেরার জিতেছেন ঠিকই, তবে র‌্যাঙ্কিংয়ের ৫০-এ থাকা চেলার বিপক্ষে জিততে বেশ বেগ পেতে হয়েছে। টাইব্রেকারে গড়ানো প্রথম সেট জিততেই সময় লেগেছে ৪৮ মিনিট। দ্বিতীয় সেট সহজেই জিতে ম্যাচ জিতেছেন ৭-৬ (৯-৭), ৬-৩ গেমে। কুজনেৎসভাকে শারাপোভা হারিয়েছেন ৬-৪, ১-৬, ৬-২ গেমে। এএফপি, রয়টার্স।