কোচ বরখাস্ত নিয়ে উত্তপ্ত শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই দেশের শ্যুটিংয়ের মান কমছে। তার ওপর খেলোয়াড়-কর্মকর্তা নানা দ্বন্দ্বে দেশের অন্যতম প্রধান এই খেলাটির আকাশে এখন কালো মেঘ। সর্বশেষ গত পরশু কোচ বরখাস্ত করা নিয়ে ফেডারেশন-শ্যুটার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। দেশসেরা শ্যুটাররা জাতীয় দলের ক্যাম্প বর্জন  করার মতো কঠোর অবস্থানেও যেতে পারেন বলে আভাস পাওয়া গেছে। ঘটনার সূত্রপাত জাতীয় দলের ক্যাম্পে আয়োজিত বাছাই প্রতিযোগিতায়। শ্যুটারদের দাবি, এই পর্বে শুধু প্রিলিমিনারি রাউন্ড হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হওয়ার পর হঠার‌্যা করেই নাকি বলা হয় ফাইনালও করতে হবে শ্যুটারদের। ফাইনাল করার প্রস্তুতি ছিল না দাবি করে কোচ শোয়েবুজ্জামান এর প্রতিবাদ করেন। এ নিয়ে আরেক কোচ আসবাব আলী ফয়েজের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে। এরই সূত্র ধরে ওই দিনই ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় শোয়েবুজ্জামানকে বরখাস্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্ত মানতে পারছেন না প্রথম সারির শ্যুটাররা। তাঁদের কথা, জাতীয় দলে শোয়েবুজ্জামানের প্রয়োজন আছে। তাঁকে একটা পক্ষ সহ্য করতে পারে না বলে এটা করা হয়েছে। তবে অন্য পক্ষ বলছে, শোয়েব বাড়াবাড়ি করেছেন এবং ফাইনাল প্রতিযোগিতা করবেন না এটা বলার অধিকার তো তাঁর নেই। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আছে। কিন্তু ঘটনাটা এখন গড়িয়েছে ভিন্ন দিকে। ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি নিয়ে কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদের সঙ্গে বৈঠক করেন শারমিন আক্তার রত্না, শারমিন আক্তার, সাদিয়া, তৃপ্তি, আবদুল্লাহেল বাকীরা। ইন্তেখাবুল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মবিনুর রহমানের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দিয়েছেন শ্যুটারদের। ফেডারেশন সভাপতির সঙ্গে আজ কথা বলার সুযোগ পাওয়ার আশা করছেন শ্যুটাররা। ফেডারেশন সভাপতি সমাধান না দিলে শ্যুটিং বড় জটিলতার বৃত্তে ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন নাম প্রকাশে অনিচ্ছুক আন্তর্জাতিক সোনাজয়ী এক শ্যুটার, ‘যদি শোয়েব ভাইয়ের বহিষ্কারাদেশ তোলা না হয়, তাহলে টপ শ্যুটাররা সবাই বিদ্রোহ করবে এবং ক্যাম্পে আর আসবে না।’ জাতীয় দলে এই ক্যাম্প আরও কয়েক দিন চলার কথার থাকলেও গতকালই ছুটি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে ফেডারেশন, এই দাবি অন্য এক শ্যুটারের। ফেডারেশন সম্পাদক ইন্তেখাবুল হামিদ বলেন, ‘শোয়েবের বিরুদ্ধে অনেক অভিযোগ। ফেডারেশনের অনুমতি ছাড়া গুলি রাখার স্টোররুম খুলেছে সে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতিসহ এক সদস্যের সঙ্গে বাজে আচরণ করেছে। ফাইনাল প্রতিযোগিতা করবে না বলে হুমকি দিয়েছে। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনা করেছে। এসব কারণে পরশু তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে ইসিতে। তবে এখনো চিঠি দেওয়া হয়নি।’

যাঁর সঙ্গে শোয়েবের কথা-কাটাকাটি সেই আসবাব আলী ফয়েজ অবশ্য সবকিছুই অস্বীকার করেছেন প্রথম আলোর কাছে, ‘আমার সঙ্গে কারও কোনো কিছু হয়নি।’ শোয়েবও প্রথমে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’ পরে ফেডারেশন সম্পাদকের অভিযোগের ব্যাপারটি তুললে তাঁর দাবি, ‘ফেডারেশনের স্টোর আমার খোলার প্রশ্নই নেই। কারও সঙ্গে খারাপ আচরণও করিনি। তবে ফাইনাল প্রতিযোগিতা নিয়ে ফয়েজ ভাইয়ের সঙ্গে একটু কথা-কাটাকাটি হয়েছে।’

ঘটনা যা-ই হোক, শ্যুটিংয়ের জন্য খারাপ একটা সময়ই যাচ্ছে। খেলোয়াড়েরা ক্যাম্প বর্জন করলে অবস্থা যে আরও খারাপ হবে সেটি না বললেও চলছে।