কোচ বা পরামর্শক হতে আগ্রহী আজহারউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন নিষিদ্ধ হয়েছিলেন। কলঙ্কের কালিমা মুছেও গেছে মোহাম্মদ আজহারউদ্দিনের। আবারও ক্রিকেটার হিসেবে মাঠে ফেরা হয়তো হবে না। তবে ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে চান ভারতের ইতিহাসে অন্যতম সফল এই অধিনায়ক।‘ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে অনেক কিছু দিয়েছে। বোর্ডের সহযোগিতার জন্যই আমি এ অবস্থায় আসতে পেরেছি। এখনো অনেক কিছু দেওয়ার আছে আমার। বোর্ড যদি আমাকে কোচ বা পরামর্শক হিসেবে বিবেচনা করে, আমি সানন্দে তা গ্রহণ করব।’ আজ এক সাক্ষাত্কারে বলেছেন আজহারউদ্দিন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।কলঙ্কমুক্ত হওয়ার অনুভূতি সম্পর্কে আজহারউদ্দিন বলেন, ‘আদালতের রায়ের পর কতটা স্বস্তিবোধ করছি, সেটা ব্যাখ্যা করা কঠিন। একজন ক্রিকেটার ক্রিকেট থেকে দূরে থাকা মানে হলো পথ শেষ হয়ে যাওয়া। এই দিনটা দেখার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন।’ ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২০০০ সালে আজহারউদ্দিনকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে গত বৃহস্পতিবার তাঁর বহিষ্কারাদেশকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন অন্ধ্র প্রদেশের একটি আদালত।আদালতের রায়ে বলা হয়, ‘কোনো সাবেক অধিনায়ককে ক্রিকেট থেকে আজীবনের জন্য বহিষ্কার করার এখতিয়ার ভারতীয় বোর্ডের নেই। এই হিসেবে বোর্ড আজহারউদ্দিনকে আজীবনের জন্য ক্রিকেট থেকে বহিষ্কার করতে পারে না।’আদালতের রায়ে কলঙ্কমুক্ত হওয়ার দিনই আজহারউদ্দিন ঘোষণা দিয়েছিলেন, এক যুগ ধরে বয়ে বেড়ানো এই কলঙ্কের জন্য বোর্ডের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন না তিনি। এটাও জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের কল্যাণের জন্য কাজ করতে তিনি প্রস্তুত।