বিসিবির জরুরি সভায় কাল হলো শুধু বিশ্বকাপ নিয়ে পর্যালোচনা। তাতে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় চট্টগ্রাম ও সিলেটের সংগঠকদের যেমন ধন্যবাদ দেওয়া হলো, তেমনি উঠে এল বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স এবং প্রথম আলোকে দেওয়া সাকিব আল হাসানের আলোচিত সাক্ষাৎকারের প্রসঙ্গও।
সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের ব্যাপারে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে দলের কোচ এবং ম্যানেজারকে। সঙ্গে আরও একবার বললেন, ‘বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সেটা খেলোয়াড়দের চেয়েও বেশি হতে পারে ম্যানেজমেন্টের ক্ষেত্রে।’
তবে সবকিছু ছাপিয়ে সংবাদ সম্মেলনে বড় হয়ে ওঠে সাকিবের সাম্প্রতিক সাক্ষাৎকারটি। এ ব্যাপারে বোর্ড সভাপতির বক্তব্য অবশ্য সংক্ষিপ্ত, ‘সাকিবকে কিছু বিষয়ের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাবের জন্য আজ (গতকাল) পর্যন্ত অপেক্ষা করব আমরা। জবাব দেখে ডিসিপ্লিনারি কমিটি তাদের সুপারিশ জানাবে।’ সাকিব জবাবটা দিয়েছেন কি না, কাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্তও তা জানা যায়নি।
অবশ্য সাক্ষাৎকারে সাকিব বাংলাদেশ দলের সামর্থ্য ও দলের প্রতি প্রত্যাশা নিয়ে যে কথা বলেছেন সেটির সঙ্গে একমতই মনে হলো বোর্ড সভাপতিকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দেখে মনে হয়েছে, আমরা অনেক পেছানো। আমাদের দেশে আমাদের মূল শক্তি স্পিন। কিন্তু আপনি ভারতীয় দলে দেখেন...অশ্বিন, মিশ্র, জাদেজা; ওয়েস্ট ইন্ডিজে নারাইন তো এমনিতেই বিশ্বমানের, তার ওপর আবার বদ্রি..., পাকিস্তানের আজমলের বল অনেকেই স্বচ্ছন্দে খেলতে পারে না।’ অন্য দলের স্পিনারদের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘আমার মনে হয়েছে ব্যতিক্রম শুধু সাকিব, নইলে স্পিনে বিরাট দুর্বলতা দেখতে পেয়েছি। ব্যাটিংয়ে যদি আপনি আসেন, সাত নম্বরে নামে ধোনি! ওয়েস্ট ইন্ডিজের স্যামি এত দেরিতে নেমেও ম্যাচ বের করে নিয়ে যেতে পারে! টি-টোয়েন্টিতে যে আমাদের আসলে ওই ধরনের স্কিল নেই, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এই ফরম্যাটে আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি।’