কোচ ম্যারাডোনা
আলফিও বাসিলের উত্তরসূরি হওয়ার দৌড়ে শুরুতে সেভাবে বিবেচনায় ছিলেন না ম্যারাডোনা। ১৯৯০ দশকের মাঝামাঝি সংক্ষিপ্ত সময়ের জন্য দুটি দলকে কোচিং করানোর অভিজ্ঞতাই শুধু ছিল ১৯৮৬ বিশ্বকাপ নায়কের। দেপোর্তিভো মানদিয়ো এবং রেসিং ক্লাবের হয়ে ২৩ ম্যাচের ওই কোচিং ক্যারিয়ারে ম্যারাডোনার জয় ছিল মাত্র ৩টি। আর্জেন্টিনা কোচ হিসেবে নিয়োগ পান ২০০৮ সালের ৪ নভেম্বর। ১৫ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করেন নতুন দায়িত্ব। কোচ ম্যারাডোনার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ গত বছর মার্চে ভেনেজুয়েলার বিপক্ষে, যেটিতে আর্জেন্টিনা জিতেছিল ৪-০ গোলে। কিন্তু বলিভিয়ার কাছে পরের ম্যাচে ম্যারাডোনার দল ১-৬ গোলে হেরে বসে! বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর, ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে হার আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়াই অনিশ্চিত করে তুলেছিল। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে পেরু ও উরুগুয়ের বিপক্ষে জয় আর্জেন্টিনার হাতে তুলে দেয় বিশ্বকাপের টিকিট। গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে জিতে চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পর স্বদেশি সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল বক্তব্য দেওয়ার জন্য ম্যারাডোনাকে ফিফার শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে হয় ১৫ নভেম্বর। শাস্তি—দুই মাস নিষিদ্ধ এবং ২৪ হাজার ডলারেরও বেশি জরিমানা। বিশ্বকাপে বড় আকর্ষণ হয়ে ছিলেন নতুন রূপে আবির্ভূত ম্যারাডোনা। মুখে দাড়ি, পরনে স্যুট। গ্রুপের তিনটি ম্যাচেই জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু কোয়ার্টার ফাইনালে ধসে পড়ল ম্যারাডোনার পৃথিবী। জার্মানির কাছে ০-৪ গোলে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে। লিওনেল মেসির সেরাটা বের করতে না পারার জন্য সমালোচিত হলেন ম্যারাডোনা। নিজেও বলেছেন, এটা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন দিন।