কোচ যায়, ট্রফি তো আসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচহীন চেলসি কবে কোচ পাবে? কে হতে চাইবেন চেলসির কোচ? ইংল্যান্ডের ফুটবলে এ নিয়ে এখন জমাট আলোচনা। চেলসির প্রধান নির্বাহী রন গুরলে জানিয়েছেন, চেলসির নতুন কোচ নিয়োগ-প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলছে। দুই সপ্তাহ বা এর চেয়েও কম সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।কিন্তু কে সেই নতুন কোচ? চেলসির ‘হায়ার অ্যান্ড ফায়ার’ নীতির বলিকাষ্ঠে কে মাথা পেতে দিতে যাচ্ছেন? বাতাসে ভাসছে গাস হিডিঙ্কের নাম। তুরস্কের এই ডাচ কোচই নাকি বসতে যাচ্ছেন কার্লো আনচেলত্তির ছেড়ে যাওয়া আসনে।সে হিডিঙ্কই আসুন, বা অন্য কেউ—কত দিনের হবে তাঁর চেলসি-জীবন? সম্পূরক প্রশ্ন, চেলসি কোচদের বধ্যভূমি হয়ে উঠল কেন? কেন এই ক্লাবটি বারবার কোচ বদল করছে? চেলসির এই কোচ-বরখাস্তের নীতি ভীষণভাবে সমালোচিত।চেলসির প্রধান নির্বাহী ক্লাবের এই নীতিকে জোর গলায় সমর্থন করছেন। গুরলে মনে করেন, এতে ভালো ফলই পাওয়া যাচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গুরলে বলেছেন, ‘ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ, তবে পারফরম্যান্স আর ফলটাও গুরুত্বপূর্ণ। আমাদের মডেলটা অনেকেরই হয়তো পছন্দ হবে না। তবে দিন শেষে আসল কথা হচ্ছে, আমরা চেলসির উন্নতি চাই এবং আমরা গত ৬ বছরে ১০টি বড় শিরোপা জিতেছি।’চেলসির কোচ পরিবর্তনের নীতি পুরোনোই। ২০০৩ সালে রোমান আব্রামোভিচ ক্লাবটি কিনে নেওয়ার পর সেটা আরও বেড়েছে। আব্রামোভিচ শুরুটা করেন ক্লদিও রানিয়েরিকে সরিয়ে। ২০০৪ সালে এই ইতালিয়ান কোচকে বরখাস্ত করে হোসে মরিনহোকে আনেন আব্রামোভিচ।তিন বছরে দুটি প্রিমিয়ার লিগ, ২টি লিগ কাপ এবং একটি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জেতানোর পরও চেলসি ছাড়তে হয় মরিনহোকে। শুধু একটি চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি বলে। আপৎকালীন কোচ হিসেবে ভালোই করেছিলেন আভরাম গ্রান্ট। চেলসিকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু ওই ফাইনালের পরই বিদায় করা হয় তাঁকে। তারপর কিছুদিন দায়িত্ব সামলান রাশিয়ার সাবেক কোচ হিডিঙ্ক।একটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও একটি কমিউনিটি শিল্ড জয়ের পরও টিকতে পারলেন না আনচেলত্তি। এই ইতালিয়ানকে বিদায় দিয়েই এখন কোচ খুঁজছে চেলসি। হয়তো হিডিঙ্কই চেলসির দায়িত্ব নেবেন। কে বলতে পারে, তাঁকেও ২ বছরের মাথায় ‘গলাধাক্কা’ খেতে হবে না! রয়টার্স।