কোচ-শরণে সিদ্দিকুর
থাইল্যান্ডে কুইন্স কাপে নিজের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ১৬তম হয়ে পরশু দেশে ফিরেছেন গলফার সিদ্দিকুর রহমান। অথচ গত এপ্রিলে ইন্দোনেশিয়ান মাস্টার্সে হয়েছিলেন তৃতীয়। কুইন্স কাপের প্রথম দুই রাউন্ড ভালো খেললেও পিছিয়ে পড়েন শেষ দুই রাউন্ডে। দেশে এসেই চেষ্টা করছেন তাঁর সমস্যা কোথায় সেটা খোঁজার। এ জন্য সিদ্দিকুর ভারতে যাবেন ২৫ জুন। কথা বলবেন কোচ প্রিতম সাইকিয়ার সঙ্গে। তবে কুইন্স কাপের পারফরম্যান্সে হতাশ নন সিদ্দিকুর, ‘আমি বলব না যে খারাপ খেলেছি। হতাশ নই। আমি মোটামুটি ভালোই খেলেছি। আসলে পরের দুই রাউন্ড খারাপ খেলেছি। এখন সমস্যার কারণ খোঁজার চেষ্টা করছি। এ জন্য কোচের সঙ্গে দেখা করতে ভারতে যাচ্ছি।’ ভারত থেকে ফিরেই আগামী ১ জুলাই মালয়েশিয়া যাচ্ছেন সিদ্দিকুর। প্রথমে একটি স্থানীয় টুর্নামেন্টে খেলবেন। এরপর ২০ জুলাই খেলবেন ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস সেলানগর মাস্টার্সে।