কোচ হচ্ছেন টটেনহামের?

এবারও কি এটা গুঞ্জন হয়েই মিলিয়ে যাবে? ডিয়েগো ম্যারাডোনা ইংলিশ প্রিমিয়ার লিগের কোচ হচ্ছেন—এমন গুঞ্জন এর আগেও শোনা গেছে। কিন্তু কখনোই তা বাস্তব রূপ পায়নি। আবারও ম্যারাডোনাকে জড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের কোচ হওয়ার গুঞ্জন। টটেনহাম হটস্পারের কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নাকি বিবেচনা করা হচ্ছে তাঁকে। আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ক্লারিন দিয়েছে এই খবর—হোয়াইট হার্ট লেনে ভিলাস-বোয়াসের উত্তরসূরি হিসেবে ম্যারাডোনা অন্যতম প্রার্থী।
ভিলাস-বোয়াস চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর তাঁকে কোচ করে টটেনহাম। কিন্তু ৩৬ বছর বয়সী এই পর্তুগিজ কোচের অধীনে টটেনহাম তেমন ভালো করতে পারছে না। লিগে ১৫ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে ৬ নম্বরে। ক্লাবটির নির্বাহী চেয়ারম্যান ব্যবসায়ী ড্যানিয়েল লেভি তাই কোচ হিসেবে ‘এল ডিয়েগো’র মতো বিশেষ একজনকে চান, বাণিজ্যলক্ষ্মীর এই যুগে মাঠের বাইরেও যাঁর থাকবে বিশেষ প্রভাব! আর সর্বশেষ আল ওয়াসলের কোচের দায়িত্ব পালন করা ম্যারাডোনাও এখন বেকারই। যদিও এ ব্যাপারে ম্যারাডোনা বা টটেনহাম কোনো পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে খবর যখন রটেছে দেখা যাক না, জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। ওয়েবসাইট।