কোচ হতে চান শোয়েব
মাস ছয়েক হতে চলল পাকিস্তানের কোনো বোলিং কোচ নেই। আকিব জাভেদ সংযুক্ত আরব আমিরাতের দায়িত্ব নেওয়ার পর থেকে বোলিং কোচ খুঁজে বেড়াচ্ছে দলটি। কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছে বোর্ড। তবে মনে ধরেনি কাউকেই। সমস্যা সমাধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন একজন। পাকিস্তানের বোলিং কোচ হতে চান শোয়েব আখতার!বোলিং কোচ খোঁজার জন্য তিন সদস্যের একটি কমিটি করেছে পিসিবি। সেই কমিটির বাছাইয়ে সবচেয়ে এগিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। কিন্তু পুরোপুরি পছন্দ হচ্ছে না বলে পন্টকে দায়িত্ব দেওয়া হচ্ছে না এখনো। খোঁজা হচ্ছে আরও বিকল্প। এমন সময়ই দৃশ্যপটে শোয়েব, ‘আমি পাকিস্তানের বোলিং কোচ হতে প্রস্তুত। পিসিবি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি অবশ্যই রাজি হব। দেশের সেবা করতে পারা সব সময়ই বড় সম্মান। দেশ আমাকে যা দিয়েছে, তার কিছুটা ফেরত দিতে পারব এতে। বোর্ড চাইলে উঠতি বোলারদের জন্যও কাজ করতে পারি আমি।’গত বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শোয়েব ১৭৮ উইকেট নিয়েছেন ৪৬ টেস্টে। ১৬৩ ওয়ানডেতে ২৪৭। অফিশিয়াল রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকালের দ্রুততম বোলার। তাঁর ফাস্ট বোলিং জ্ঞান নিয়েও হয়তো সংশয় আছে কমই। তবে ক্যারিয়ারজুড়ে চোট আর বিতর্কের সঙ্গে যেভাবে নিত্য বসবাস ছিল, বোর্ডের সঙ্গেও যা সম্পর্ক—তাতে শোয়েব সত্যিই দায়িত্বটা পেলে সেটা হবে বড় এক বিস্ময়। এএফপি।