কোচ হবেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভ ব্রুস, মার্ক হিউজ, রয় কিন...ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ছিলেন, পরে কোচ হয়েছেন; এই তালিকাটা লম্বা-ই। এটিকে আরও লম্বা করতে চান ম্যানইউর ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি। ‘আমি কোচ হতে চাই’—এমইউ (ম্যানচেস্টার ইউনাইটেড) টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রুনি। অ্যালেক্স ফার্গুসনের শিষ্যদের মধ্যে যাঁরা কোচ হয়েছেন, তাঁদের বেশির ভাগই ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করেছেন কোচিং ক্যারিয়ার। হিউজ-কিনরা এই দলেরই। রুনি এই দলে নাম লেখাতে চান না। কোচিংটা তিনি শুরু করতে চান একেবারে তৃণমূল থেকে। ‘খেলা ছাড়ার পর ম্যানেজার হব, এটা আমার লক্ষ্য। স্যার অ্যালেক্সের অধীনে যারা খেলেছে, সবাই ভালো ম্যানেজার হয়েছে। আমিও এক দিন সে রকম হতে চাই। তবে একেবারে এদের মতো নয়। আমি নিচের দিকের লিগ দিয়ে শুরু করতে চাই। এক লাফে বড় ক্লাবে গিয়ে না ঢুকে আমি ওখান থেকে সুনাম নিয়ে আসতে চাই’—বলেছেন রুনি। ভালো ম্যানেজার হতে চান, ভালো কথা। কিন্তু একজন ভালো ম্যানেজার হতে শান্ত ধৈর্যশীল হওয়াটাও জরুরি। বিশ্বকাপে আলজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দর্শকদের ওপর খেপে গিয়েছিলেন তিনি। এর জন্য রুনি একটু লজ্জিতই, ‘আমরা জিততে পারছিলাম না। এ কারণে একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। ১০ মিনিট যেতে না-যেতেই সমর্থকেরা দুয়ো দিতে শুরু করে। আমি ওটাই বলছিলাম। এটা হতাশাজনক।’ম্যানইউর সঙ্গে তাঁর নতুন চুক্তি নিয়েও কথা বলেছেন। সবকিছুর জন্য ম্যানইউ সমর্থকদের কাছে আগেই ক্ষমা চেয়েছেন। এবার নিজের ভুল স্বীকার করলেন তিনি, ‘আমি ম্যানেজার এবং ডেভিড জিলের (প্রধান নির্বাহী) সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং একটা উত্তর পেতে চেয়েছি। পরে আমি উত্তর পেয়েছি। কিন্তু পেছন ফিরে দেখে এখন মনে হচ্ছে আমি সম্ভবত ভুলই করেছিলাম।’ এএফপি, ওয়েবসাইট।