কোচ হিসেবে মার্টিনো কেমন?

পেপ গার্দিওলার তত্ত্বাবধানে বার্সেলোনা নাকি খেলত ভিন্ন গ্রহের ফুটবল। বলের দখল ধরে রাখার দক্ষতা আর দুর্দান্ত পাসিং ফুটবলের মধ্য দিয়ে খেলাটাকে শিল্পের পর্যায়েই নিয়ে গিয়েছিলেন গার্দিওলার শিষ্যরা। তাঁর বিদায়ের পরও খেলার ধরন বদলাতে দেখা যায়নি বার্সেলোনাকে। উত্তরসূরি টিটো ভিলানোভা তো গার্দিওলারই সহকারী ছিলেন টানা চারটি বছর। দুজনের ফুটবল-দর্শন যে প্রায় একই রকমই হবে, সেটা আগে থেকেই জানা ছিল। কিন্তু ভিলানোভা সরে দাঁড়ানোর পর হয়তো খানিকটা চিন্তিতই হয়ে পড়েছিলেন বার্সেলোনার সমর্থকেরা। নতুন কোচের অধীনেও কি বার্সেলোনার সেই শৈল্পিক ফুটবল দেখা যাবে? নাকি খোলনলচে পাল্টে একেবারে নতুন ধারায় খেলা শুরু করবে কাতালানরা? ভিলানোভার পদত্যাগের ঘোষণা শোনার পর থেকে যাঁরা এই আশঙ্কায় দুলছিলেন, তাঁরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন জেরার্ডো মার্টিনোর আগমনে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন বটে, তার পরও মার্টিনোর সঙ্গে গার্দিওলার দর্শনে পার্থক্য নেই খুব একটা। দুজনে যে একই ‘স্কুলের ছাত্র’। যাঁদের গুরু মার্সেলো বিয়েলসা। বিয়েলসার দর্শনটাই ধার করে নিজের নতুন গার্দিওলা-স্টাইল দাঁড় করিয়েছিলেন পেপ। মার্টিনো নিজেও বিয়েলসারই অনুসারী।
গার্দিওলার কোচিং ক্যারিয়ার শুরুই হয়েছিল বিয়েলসার প্রত্যক্ষ প্রভাবে। বিয়েলসাই তাঁর চোখে ‘বিশ্বের সেরা কোচ’। ২০০৭ সালে বার্সেলোনার ‘বি’ দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আর্জেন্টিনায় গিয়ে বিয়েলসার সঙ্গে দেখা করেছিলেন গার্দিওলা। সেই সাক্ষাতের প্রভাবটা বেশ ভালোমতোই পড়েছিল বার্সার সাবেক এই কোচের ওপর। বিয়েলসার ফুটবল-দর্শনের সার্থক পরিণতি কী হতে পারে, সেটা তো দেখিয়েই গিয়েছেন গার্দিওলা। মাত্র চার বছরেই বার্সাকে জিতিয়েছেন তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।
বার্সেলোনার নতুন কোচ মার্টিনোও সেই বিয়েলসারই শিষ্য। নিউওয়েলস ওল্ড বয়েজের খেলোয়াড় থাকা অবস্থাতেই বিয়েলসাকে কোচ হিসেবে পেয়েছিলেন মার্টিনো। বিয়েলসার ফুটবল-দর্শন সঠিকভাবে বাস্তবায়ন করার দক্ষতাটা যে মার্টিনোরও আছে, সেটা তিনি প্রমাণ করেছেন প্যারাগুয়ের কোচ হিসেবে। ২০১০ সালে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন প্যারাগুয়েকে। পরের বছর কোপা আমেরিকার ফাইনালেও জায়গা করে নিয়েছিল তাঁর দল। ২০১১ সালে দক্ষিণ আমেরিকান বর্ষসেরা কোচের পুরস্কারটাও উঠেছিল মার্টিনোর হাতে।
বার্সেলোনার রণকৌশল নির্ধারণের সময় মার্টিনো যে একেবারে আমূল কোনো পরিবর্তন আনবেন না, সেটা সহজেই অনুমান করা যায়। কারণ তাঁর তত্ত্বাবধানে সব দলকেই বার্সেলোনার মতো বলের দখল ধরে রেখে খেলতে দেখা গেছে। তিনিও সেই বহু পুরোনো প্রবাদেই বিশ্বাস করেন—অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স—প্রতিরক্ষার সবচেয়ে ভালো কৌশল হলো আক্রমণ। পাসিং ফুটবল দিয়ে দ্রুতগতির আক্রমণ আর প্রতিপক্ষের খেলোয়াড়দের কড়া নজরে রেখে বল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এমনটাই হয়তো হবে মার্টিনোর মূলনীতি। এটা মাথায় রেখে আশা করাই যায় যে গার্দিওলার সময়ের বার্সেলোনাকেই আবার নতুন রূপে ফিরিয়ে আনবেন মার্টিনো।
ইউরোপের ফুটবল বিশ্লেষকদের কেউ কেউ এক জায়গায় গার্দিওলা কিংবা ভিলানোভার চেয়ে বেশি নম্বর দিতে চান মার্টিনোকে। গার্দিওলার কিংবা ভিলানোভার বার্সার রক্ষণ ছিল বেহুলার বাসঘর। চাপের মুখে বারবার বার্সার রক্ষণ ভেঙে যাওয়ার নজির নিকট অতীতে দেখা গেছে। আক্রমণের দিকে এই দুজন যতটা মনোযোগী ছিলেন, রক্ষণভাগে ছিলেন ততটাই অমনোযোগ। তবে মার্টিনো এই দুয়ের মধ্যে বেশ ভারসাম্য রেখেই খেলতে পছন্দ করেন। আক্রমণ-পিয়াসী তিনিও। তবে আক্রমণ-বিলাসী নন। ২০১০ বিশ্বকাপ এর ভালো প্রমাণ। সেবার গ্রুপ পর্বে মাত্র একটাই গোল খেয়েছিল প্যারাগুয়ে, টুর্নামেন্টে দ্বিতীয় গোলটি তারা হজম করেছিল স্পেনের বিপক্ষে শেষ আটে। ৫ ম্যাচে মাত্র দুই গোল—রক্ষণটা কেমন শক্তপোক্ত বানিয়েছিলেন মার্টিনো, এই তথ্য তারই প্রমাণ।
ইতিমধ্যেই বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির সমর্থন পেয়ে গেছেন মার্টিনো। এ থেকে স্পষ্ট ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে ইউরোপের অন্যতম সেরা দলটির কোচ হিসেবে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট করতে হবে না তাঁকে। তবে বার্সেলোনায় আর্জেন্টাইন কোচদের তিক্ত ইতিহাসটাই হয়তো একটু পীড়া দিতে পারে মার্টিনোকে। তাঁর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের কোচ সিজার লুইস মেনোত্তিও এসেছিলেন বার্সেলোনায়। কিন্তু সফলতার মুখ দেখতে পারেননি। বার্সাকে মাত্র একবারই লা লিগা শিরোপা জিতিয়েছেন কোনো আর্জেন্টাইন কোচ।
দেখা যাক মার্টিনো কী করেন!