কোচ হয়ে টেনিসে ফিরছেন হিঙ্গিস
অকাল অবসর ভেঙে আবার কোর্টে ফিরতে চেয়েছিলেন। সেই ইচ্ছা পূরণ না হলেও মার্টিনা হিঙ্গিস ঠিকই ফিরতে যাচ্ছেন টেনিসে। তবে খেলোয়াড় হিসেবে নন, কোচের ভূমিকায়। রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার কোচ হতে যাচ্ছেন তিনি। সবকিছুই চূড়ান্ত। এখন শুধু রাশিয়ায় গিয়ে ‘ছাত্রী’কে নিয়ে কাজ শুরু করার অপেক্ষা। গত পরশু পাভলিউচেঙ্কোভাই ঘোষণা করেছেন, পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী ৩২ বছর বয়সী হিঙ্গিসকে কোচ নিয়োগ দেওয়ার কথা। ‘আমাকে ফেড কাপে সাহায্য করতে সে এই সপ্তাহেই মস্কো আসছে’—বলেছেন ২১ বছর বয়সী রুশ।২০ ও ২১ এপ্রিল ফেডারেশন কাপের ওয়ার্ল্ড গ্রুপের সেমিফাইনালে স্লোভাকিয়ার মুখোমুখি হচ্ছে রাশিয়া। মারিয়া কিরিলেঙ্কো, একাতেরিনা মাকারোভা, ইলেনা ভেসনিনার সঙ্গে বিশ্বের ২০ নম্বর পাভলিউচেঙ্কোভাও লড়বেন দেশের হয়ে। মস্কোতে ফেডারেশন কাপ দিয়ে শুরু, তবে এর পরও পাভলিউচেঙ্কোভার কোচ হিসেবে কাজ করবেন হিঙ্গিস। ওয়েবসাইট।