কোচই উল্টো আতঙ্ক ছড়াচ্ছেন!
হাতে ঢোল, মুখে বাঁশি আর গায়ে জড়ানো জাতীয় পতাকা। হাজার খানেক নেপালি দর্শক পরশু হই হুল্লোড় তুলে সারাক্ষণ মাতিয়ে রেখেছিল নেহরু স্টেডিয়াম। বাংলাদেশের গ্যালারিতে সমর্থনের সুর ছিল না। কাউকেই চোখে পড়েনি দুই ম্যাচে। আজও কি নীরব থাকবে গ্যালারি?নীরবতা বাংলাদেশের টিম হোটেলেও। নেপাল ম্যাচের শেষ মিনিটের গোল ফুটবলারদের মনোবলে দিয়েছে চোট। সবাই ভুগছেন আস্থাহীনতায়। ওই দিন ম্যাচ শেষে আধঘণ্টা স্টেডিয়ামে ছিল দল। গ্যালারিতে বসে দেখেছে পরের ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপের খেলা। হোটেলে ফিরে সোজা যে যাঁর কক্ষে। রাতে নাকি অনেকেই ঘুমোতে পারেননি। জুনিয়র অনেক ফুটবলারই কেঁদেছেন। ম্যাচ হারের পর কোনো টিম মিটিংও হয়নি। শুধু দলের সঙ্গে আসা কর্মকর্তারা সান্ত্বনা দিয়েছেন খেলোয়াড়দের।এক ম্যাচে হেরেই যেন সব শেষ—এমন ধারণা ঢুকে গেছে খেলোয়াড়দের মধ্যে। অঙ্কের হিসাবে সম্ভাবনা এখনো আছে, এটা বুঝিয়ে দলকে চাঙা করার যেন কেউ নেই। খেলোয়াড়দের শরীরী ভাষায় কোনো প্রাণচাঞ্চল্য নেই। অথচ এই বাংলাদেশই লেবাননের কাছে হারের পর দেশের মাটিতে জিতেছিল দুই গোলে। তাহলে কি জয়ের ক্ষুধাটাই হারিয়ে গেছে? নাম প্রকাশে অনিচ্ছুক এক স্ট্রাইকার বলছিলেন, ‘আমি যেটা করতে চাই মাঠে সেটা করতে পারি না কোচের ভয়ে।’ কোচ এখন রীতিমতো আতঙ্কের নাম। কাকে রাখবেন, কাকে বাদ দেবেন সেই ভয়ে সারাক্ষণ কুঁকড়ে থাকেন ফুটবলাররা। আরেক স্ট্রাইকার মিঠুনের কথা, ‘আমি পুরো ৯০ মিনিট খেলতে চাই। কিন্তু কোচ আমাকে যখন নামান, মানিয়ে নিতেই অনেক সময় লেগে যায়। এভাবে স্বাভাবিক খেলা অসম্ভব।’মুখে কেউ কোচের বিরুদ্ধে কিছু না বললেও তাঁর মতিগতি নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকেন। দলের ম্যানেজার আরিফ খান (জয়) বলেই ফেললেন, ‘নেপালের ম্যাচে তো এমিলিকে কোচ রাখতেই চাননি। খেলাতে চেয়েছিলেন মালেককে। অনেক বুঝিয়ে তাকে রাজি করিয়েছি। সাফের মতো এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এত পরীক্ষা-নিরীক্ষা করা কি ঠিক?’ইলিয়েভস্কি যেন হারের আগেই হেরে বসে আছেন, ‘আমি আগেই বলেছিলাম, আমাদের সাফের ফলাফল কেমন হবে।’ পুরোনো ভাঙা রেকর্ডই বাজিয়ে যাচ্ছেন, ‘লিগ নেই, প্রস্তুতি ম্যাচ নেই, ভালো স্ট্রাইকার নেই।’ কাল বললেন আরও হাস্যকর কথা, ‘আমি জানতাম, মিঠুন আর এমিলির পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা জাতীয় দলের জন্য। তাই আমি ওদের আগে ডাকিনি।’ জাতীয় দলের প্রধান কোচ, রাত-দিন ফুটবল ফেডারেশনে সময় কাটান। অথচ জানেন না এই দুজন ঘরোয়া ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। বললেন, ‘এটা আমি অনেক পরে জেনেছি।’ কিন্তু এই মহামূল্যবান তথ্য তাঁকে কে দিয়েছেন জানাননি।