কোচকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথায় পরিণত হওয়া বিদেশি কোচকে নিয়ে সংবাদ সম্মেলনটা বাফুফে সেরে ফেলল গতকাল। নতুন কোচ বরাবরই বাফুফের কাছে ‘এ পর্যন্ত নিজেদের আনা সেরা কোচ’ বলে পরিচিত হন। সেই চেনা দৃশ্য আর ঘটনার মঞ্চায়নই হলো কাল বাফুফে ভবনে।পুরোনো প্রতিশ্রুতিও পাওয়া গেল—কোচকে কাজ না দিয়ে বসিয়ে রাখা হবে না। তবে বাফুফে কর্মকর্তারা বলতে পারলেন না বিদেশি কোচ আনাই সার হবে, নাকি কোচকে লম্বা সময়ের জন্য কাজে লাগানোর বাস্তবসম্মত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। আপাতত একটা কাজ পাচ্ছেন নতুন কোচ। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচ সামনে। তারপর এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল, ডিসেম্বরে সাফ ফুটবল—হাতের কাছে থাকা আপাতত এই তিনটি প্রকল্প দেওয়া হচ্ছে মেসিডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কিকে। সংবাদ সম্মেলনে তাঁকে পাশে রেখে প্রতিশ্রুতি দিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ক্লাবগুলোর কোচিংয়েও পাঠানো হবে কোচকে।এ দেশে নানা কারণে ত্যক্তবিরক্ত হয়ে চলে যান বিদেশি ফুটবল কোচ। কাউকে না বলে কদিন আগে রবার্ট রুবচিচের চলে যাওয়া সর্বশেষ উদাহরণ। তারপর মেসিডোনিয়ান কোচ জর্জি ইয়োভানভস্কিকে চূড়ান্ত করা হলেও বাংলাদেশ দল নিয়ে সন্ত্রাসকবলিত পাকিস্তানে যেতে রাজি হননি। তাঁকে বাদ দিয়ে মেসিডোনিয়ারই নিকোলা ইলিয়েভস্কিকে উড়িয়ে আনা হয়েছে গত পরশু। এই ভদ্রলোককে নিয়ে গত তিন বছরে বাংলাদেশ পেল চতুর্থ বিদেশি কোচ। স্থানীয় কোচ মিলিয়ে সংখ্যাটা সাত! এ নিয়ে কথা হওয়ার একপর্যায়ে সংবাদ সম্মেলন ঘুরে যায় অন্যদিকে। কোচ নিয়ে বাফুফের লুকোচুরি, তথ্য গোপন ইত্যাদিই হয়ে উঠল বড় বিষয়!এ অবস্থায় কালই নতুন কোচ বিকেএসপিতে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। যাওয়ার আগে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে গেলেন, ‘আমি উদ্বুদ্ধ আছি। টিম এবং গোটা দেশকেই উদ্বুদ্ধ হতে হবে। আমাদের সবাইকে ভালো কিছুর জন্য কাজ করতে হবে একসঙ্গে। সংবাদিকদেরও।’৫৬ বছর বয়সী কোচের কথা, কাজের মধ্যেই তিনি আনন্দ খুঁজে পান। তবে রুবচিচ যেমন শান্ত ছিলেন, এই কোচকে মনে হলো মেজাজি। কোচ হিসেবে ২০০০ সালে স্বদেশি ক্লাব এফসি পোবেদাকে নিয়ে গেছেন উয়েফা কাপে। রোমানিয়ার ইউনিয়ভার্সিতাতে ক্রায়োভা এবং ইতালির পারমার বিপক্ষে খেলেছে তাঁর দল। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের রায়, ‘আমরা সেরা কোচ এনেছি।’৩ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ দল নিয়ে লাহোর যাবেন ইলিয়েভস্কি। ম্যাচটা স্থানান্তরের জন্য বাংলাদেশের অনুরোধ রাখেনি ফিফা। কালই বাফুফেকে ফিফা জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে লাহোর যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ফিফার সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা লাহোর যাবেন। পাকিস্তান সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে।২০০৯ সালে বাংলাদেশ-পাকিস্তান গোলশূন্য ম্যাচের ভিডিও দেখে কোচের পর্যবেক্ষণ, ‘ওই ম্যাচে পাকিস্তানের বল পজেশন ছিল ৬৫ শতাংশ। ম্যাচটা পাকিস্তানই নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশ দল নিয়ে আমাকে অনেক কাজ করতে হবে। আমি কাজ করতে ভালোবাসি।’পরশু বাংলাদেশ লিগে আবাহনী-মোহামেডান ম্যাচ দেখেছেন। দুই দলের খেলা দেখে বের করেছেন ‘বড় সমস্যাটা’, ‘দুটি দল বড় বড় গ্যাপ করে খেলল। এটা আমার ভালো লাগেনি। শর্ট পাসে খেলতে হবে। দ্রুত বল দেওয়া-নেওয়া ও জায়গা বদল করা চাই।’ইলিয়েভস্কির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে বাফুফের। ১০ মাস পর আলোচনার ভিত্তিতে হবে নবায়ন। তবে মেসিডোনিয়া জাতীয় দলের সাবেক কোচের জীবনবৃত্তান্ত বলছে, গত ২১ বছরে গোটা বিশেক দল বদলেছেন এই ভদ্রলোক।