কোচকে শিরোপা উপহার
খেলা শেষের বাঁশি বাজতেই দৌড়ে কোর্টের বাইরে চলে এলেন বাংলাদেশ আনসারের অধিনায়ক মালেকা পারভীন। পাশে দাঁড়ানো কোচ আবদুল জলিলকে সালাম করলেন। শিরোপা জয়ের আনন্দে ততক্ষণে চোখে পানি চলে এসেছে জাতীয় দলের অধিনায়কের। কালই ছিল আনসারের কোচের জন্মদিন। মিজান জাতীয় মহিলা কাবাডির ফাইনালে বিজেএমসিকে ১৯-১০ পয়েন্টে হারিয়ে কাল কোচকে জন্মদিনের উপহার দিল আনসার দল।মহিলা কাবাডিতে বরাবরই আনসারের আধিপত্য। গত বছরও ফাইনালে বিজেএমসিকে হারিয়ে জিতেছিল শিরোপা। সব মিলিয়ে আনসারের এটি সপ্তম শিরোপা। ছুটির বিকেলে ফাইনাল দেখতে কাবাডি স্টেডিয়ামের গ্যালারিতে হাজির ছিল হাজার দুয়েক দর্শক। বেশ উপভোগ্যই ছিল দুই দলের লড়াই। জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গড়া আনসার প্রথমার্ধে এগিয়ে ছিল ৭-৪ পয়েন্টে। এই ধারাবাহিকতা ধরে রাখে শেষ পর্যন্ত। অল্পদিনের অনুশীলনে দলকে চ্যাম্পিয়ন করতে পেরে কোচ আবদুল জলিল দারুণ খুশি, ‘প্রতিযোগিতা শুরুর আগে বেশি সময় পাইনি। পাঁচ দিন অনুশীলন করিয়েছি। ভয়ে ছিলাম, এত অল্প সময়ে দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে পারব কি না। শেষ পর্যন্ত মেয়েরা খুবই ভালো খেলেছে। আমি খুশি।’বিজেএমসির রেইডার ফারহানা সুলতানা (শীলা) সাইক্লিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন। কাবাডিও নিয়মিত খেলেন। কালকের হারের জন্য দুষলেন পর্যাপ্ত অনুশীলনের অভাবকে, ‘আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম নিজের বুটিকের ব্যবসা নিয়ে। তা ছাড়া ১৫ দিনের অনুশীলনে আনসারের মতো দলের সঙ্গে পারা কঠিন।’ তবে এই প্রতিযোগিতাকে এ মাসেই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিচ কাবাডির প্রস্তুতির সহায়ক বলেই মনে করছেন, ‘দুই দলের বেশির ভাগ খেলোয়াড়ই জাতীয় দলে খেলে। টুর্নামেন্টটাকে বিচ কাবাডির জন্য একরকমের প্রস্তুতিও বলা যায়।’টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন-রানার্সআপ দুই দল থেকেই। চ্যাম্পিয়ন দলের সেরা শাহনাজ পারভীন, রানার্সআপ দলের সেরা শীলা আক্তার। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ ২৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান।