এবারের সাফ ফুটবলের আগে শেষ মুহূর্তে বাংলাদেশ দলের ম্যানেজার পদে আনা হয় আরিফ খানকে (জয়)। দিন পনেরো দায়িত্ব পালন শেষে বাফুফের কাছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক একটি রিপোর্ট দিয়েছেন। দলের সংশ্লিষ্ট সবার সঙ্গে ম্যানেজারের রিপোর্ট পর্যালোচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কাল ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে এসেছিলেন আরিফ খান। এখানেই তাঁর কাছ থেকে পাওয়া গেল বাফুফেকে দেওয়া রিপোর্টের সারমর্ম। দুই পাতার লিখিত রিপোর্টে আরিফ খান শেষ দিকে এসে তাঁর মূল্যায়ন দিয়েছেন।তাতে বলা হয়েছে, ‘দীর্ঘ সময় পেলেও কোচ দলকে এক সুতোয় গাঁথতে পারেননি। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। খেলোয়াড়েরা নিজেরাও জানত না, কে কখন খেলবে। কোচের এই অস্থির মানসিকতা অনেকাংশে দলের মধ্যে সংক্রমিত হয়েছে। খেলোয়াড়েরা দলের জন্য নয়, দলে নিজের অবস্থান তৈরি করা নিয়ে ব্যস্ত ছিল, যেটি ছিল ভালো ফলাফলের অন্তরায়। অধিনায়ক পদ নিয়ে কোনো বিতর্ক না থাকলেও একজন সিনিয়র খেলোয়াড়ের ভূমিকা দলের জন্য শুভ ছিল না। যে অনেক সময়ই কোচ-কর্মকর্তাদের নিয়ে তীব্র সমালোচনা করেছে।’আরিফ খান লিখেছেন, ‘দলের এই ব্যর্থতার দায়ভার কারও ওপর চাপাতে চাই না। কারণ, এই ব্যর্থতা সবার। কিন্তু কোচের ভূমিকা ও কাজ নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’তিনি নিজে এবং অন্যান্য কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন বলে রিপোর্টের শেষ অংশে লিখেছেন আরিফ খান। পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু, পরে নেপালের কাছে ১-০ ও মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে হেরে দিল্লি সাফ থেকে বাংলাদেশের লজ্জাজনক বিদায়।