কোচদের আরও অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস ২২ দিন পর ঢাকায় ফিরেই দেখা করতে চেয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। কিন্তু দুই ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার ব্যস্ত সালাউদ্দিনের দেখা পাননি। অবশেষে কাল তাঁরা বাফুফে সভাপতির সঙ্গে কথা বলেছেন। আলোচনায় দুজনের তিন মাসের বকেয়া বেতন নিয়েই কথা হয়েছে বেশি।
দুই কোচের সব বেতন পরিশোধের কথা ছিল ৫ ফেব্রুয়ারি। কিন্তু এখনো দুজনের হাতে কোনো টাকা তুলে দিতে পারেনি বাফুফে। কালও কোনো ইতিবাচক সাড়া পাননি ক্রুইফ-কোস্টার। সালাউদ্দিনের সঙ্গে আলোচনা শেষে দুপুরে কোচদের কক্ষে গিয়ে পাওয়া গেল দুজনকেই। তাৎক্ষণিক কিছু জানাতে চাননি কেউই। সন্ধ্যায় মুঠোফোনে যে ডি ক্রুইফকে পাওয়া গেল তাঁর কণ্ঠে হতাশা, ‘সভাপতি আমাকে কথা দিয়েছেন, আগামী মাসের শেষে দুজনের বেতন শোধ করে দেবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বেতন শোধ করার কথা ছিল। কিন্তু সময়টা আবারও বেড়ে গেল।’ বেশির ভাগ সময়ই অলস বসে থাকতে হয় দুই কোচকে। জানালেন, কথা হয়েছে সেটা নিয়েও, ‘আমরা যে প্রায়ই কোনো কাজ পাই না সেটা নিয়েও আলোচনা হয়েছে। তবে এ মুহূর্তে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়েই কথা বলেছি। ওই ম্যাচেই আমাদের সব মনোযোগ।’ কিন্তু ডি ক্রুইফ যা বললেন, তাতে ৫ মার্চ গোয়ায় ভারতের সঙ্গে প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল একসঙ্গে অনুশীলনের সময় পাবে মাত্র এক দিন।