কোচদের এখন অন্য ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসল্যান্ডে আগ্নেয়গিরির ছাইয়ে আকাশ ছেয়েছে। বন্ধ ছিল ইউরোপের আকাশে বিমান চলাচল। সেই প্রাকৃতিক দুর্যোগও বন্ধ করতে পারেনি বিশ্বকাপ কোচদের এ দেশ থেকে ও দেশ ছুটে যাওয়া। কোন লিগে কোন খেলোয়াড় কেমন খেলছে? বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বিশ্বকাপের দল দিতে হবে, এর আগে দেখে নিতে হবে এসব। তাঁদের কি আর বসে থাকলে চলে?ছোটাছুটি শেষে দল দিলেন বিশ্বকাপের সব কোচই। হাঁফ ছেড়ে বাঁচার কথা তাঁদের। কিন্তু কোচদের কি আর সেই ভাগ্য আছে! ‘অমুক কে নিলেন না কেন? তমুক বাদ পড়ল কোন কারণে? ওই খেলোয়াড়টা দলে আসল কিসের ভিত্তিতে?’—এখন এসব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত তাঁরা।ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা এবং আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনাকেই বেশি পড়তে হচ্ছে প্রশ্নের সামনে। রোনালদিনহো, আদ্রিয়ানো আর পাতো নেই কেন—দুঙ্গাকে দিতে হচ্ছে এই প্রশ্নের উত্তর। আর ম্যারাডোনাকে দিতে হচ্ছে এস্তেবান ক্যাম্বিয়াসো এবং হাভিয়ের জানেত্তিকে দলে না রাখার ব্যাখ্যা। ফ্রান্স আর ইতালি দলেও বাদ পড়া নিয়ে প্রশ্ন। করিম বেনজেমা ও সামির নাসরিকে দলের বাইরে রেখেছেন ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখ। এ নিয়ে তোলপাড় ফরাসি সংবাদমাধ্যমে। প্যাট্রিক ভিয়েরার বাদ পড়া নিয়েও কথা উঠছে। আর ইতালি কোচ মার্সেলো লিপ্পিকে জানাতে হচ্ছে ফ্রান্সেসকো টট্টি, দেল পিয়েরো, লুকা টনি ও আলেসান্দ্রো নেস্তাকে দলে না নেওয়ার কারণ।এদিক দিয়ে সুখেই আছেন জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল কোচ। ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড দলে তেমন কোনো চমক নেই। জন টেরির সঙ্গে বিতর্কের জের ধরে ওয়েইন ব্রিজ নিজেই নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন আগেই। তাঁর দলে না থাকাটা তাই বড় কোনো খবর নয়। যাঁদের দলে থাকার কথা, ইংল্যান্ড দলে তাঁদের সবাই-ই আছেন। কোনো চমক নেই লোয়াকিম জোর জার্মানি এবং কার্লোস কুইরোজের পর্তুগাল দলেও। এএফপি, ওয়েবসাইট।