কোচহীন সফরের সংস্কৃতি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অলিম্পিকের ঘটনা। সাঁতারু মাহফিজুর রহমানের (সাগর) সঙ্গে লন্ডনে গিয়েছিলেন ফেডারেশনের কর্মকর্তা মাহফুজা আক্তার (তানিয়া)। কোচ হিসেবেই লন্ডনে মাহফিজুরের সফরসঙ্গী হয়েছিলেন ওই কর্মকর্তা। কিন্তু কোথায় অনুশীলন পুল, সূচি কখন, কোন পুলে হিট—এসবের কিছুই জানতেন না মাহফুজা। মাহফিজুরকেই সব খুঁজে নিতে হয়েছিল। বিব্রতকর ওই অভিজ্ঞতার কথা লন্ডন থেকে ফিরে একাধিকবার শুনিয়েছিলেন মাহফিজুর।

২০১১ সালে কুয়েতে চতুর্থ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দশমিক ২ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হয়েছিল সৈয়দা সাদিয়া সুলতানার। বাছাইপর্ব শেষ হওয়ার পর সাদিয়া রেঞ্জ ছেড়ে বাইরে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। কিন্তু ফাইনাল শুরুর আগের নির্ধারিত সময়ে রিপোর্টিংয়ে উপস্থিত না থাকায় তাঁর চূড়ান্ত স্কোর থেকে ২ পয়েন্ট জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়েছিল। ওই দলের সঙ্গে কোচ না পাঠিয়ে ইমরান চৌধুরীকে ম্যানেজার করে পাঠিয়েছিল শুটিং ফেডারেশন। সেদিন ওই কর্মকর্তার অজ্ঞতার কারণে নিশ্চিত পদক হাতছাড়া হয়েছিল বাংলাদেশের।

এমন উদাহরণ ভূরি ভূরি দেওয়া যাবে। বড় আন্তর্জাতিক গেমসে কোচ না পাঠানোটা যেন সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। এবার রিও অলিম্পিকেও কোচ ছাড়াই যাচ্ছে অ্যাথলেটিকস ও সাঁতার দল।

দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরীন আক্তারের সঙ্গে অলিম্পিকে যাচ্ছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস এবং সহসভাপতি শাহ আলম। সাঁতারু মাহফিজুর রহমান ও সোনিয়া আক্তারের সঙ্গী সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন।

দলের সঙ্গে যে কোচ পাঠাতেই হবে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) আয়োজক কমিটি এমন কোনো শর্তও দেয়নি। তা ছাড়া অলিম্পিকে পদক জয়ের আশাও করে না বাংলাদেশ, হিটেই বাদ পড়েন খেলোয়াড়েরা। তবু একজন অভিজ্ঞ কোচ পাঠালে উপকারই হয় তাঁদের। সেই হিসেবে কোরিয়ান কোচ পার্ক তে গুনকেই ব্রাজিলে আশা করেছিলেন সাঁতারুরা। কিন্তু পার্ককে ব্যস্ত রাখা হয়েছে প্রতিভাবান সাঁতারু খোঁজার দায়িত্ব দিয়ে।

এভাবে কর্মকর্তাদের বিদেশভ্রমণে খেলোয়াড়দের লাভ হয় কতটুকু? সাঁতারের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিনের দাবি, ব্রাজিলে তিনি সাঁতারুদের সহযোগিতা করতে পারবেন, ‘নিজে কখনো না সাঁতরালেও কিংবা কোচিং না করালেও চার বছর ফেডারেশনের দায়িত্বে থেকে অনেক কিছু শিখেছি। সেই অভিজ্ঞতা দিয়ে সেখানে সাঁতারুদের সহায়তা করতে পারব।’

অ্যাথলেটিকস ফেডারেশনের সহসভাপতি শাহ আলম অবশ্য সাবেক অ্যাথলেট। একসময় কোচিংও করিয়েছেন। জোরালো যুক্তি আছে তাঁর, ‘দীর্ঘদিন কোচিং করিয়েছি, গত দুই দশক নানা ব্যস্ততায় যদিও কোচিংয়ে সময় দিতে পারিনি। তবে এখন আবার সময় দিচ্ছি।’

বাস্তবতা হচ্ছে, এই কর্মকর্তারা সারা বছর অপেক্ষায় থাকেন কখন একটা বড় গেমস আসে, আর তাতে ভ্রমণের সুযোগ মেলে!